হুমায়ুন কবীর ও বিরোধী জোটকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের
সংবাদদাতা,বাগডোগরা: কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন নিয়ে বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরকে একহাত নিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, তাঁকে পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণভাবে চিনে গিয়েছেন। তিনি দাবি করেন, বিভাজনের রাজনীতি ও জনবিচ্ছিন্ন কার্যকলাপের কারণে আজ তিনি কোণঠাসা। সরকার রাজ্যে কোনও অশান্তি বরদাস্ত করবে না। এরপর শমীক সতর্ক করে বলেন, কেউ আইন বা সীমার বাইরে যাওয়ার চেষ্টা করলে প্রশাসন কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে।
পাশাপাশি এদিন ইন্ডিয়া জোট ও বামেদের সমালোচনা করে তিনি বলেন, ইন্ডিয়া জোটের কোনও অস্তিত্বই নেই। গত লোকসভা নির্বাচনের আগে এরা একটি যৌথ সংবাদিক সম্মেলন পর্যন্ত করতে পারেনি তাদের আবার আন্দোলন। সিপিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কৃষকদের নিয়ে তাদের আন্দোলন বা বর্তমান রাজনৈতিক পদক্ষেপ সাধারণ মানুষের কাছে গুরুত্বহীন এবং তারা ধীরে ধীরে আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধী দলগুলির ব্যর্থতা তুলে ধরে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে সুর চড়ান বিজেপি রাজ্য সভাপতি।
