হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের, লড়াই চলবে বললেন প্রদেশ সভাপতি
সংবাদদাতা,কলকাতা: মঙ্গলবার হাইকোর্টে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি ছিল। এই শুনানিতে উপস্থিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাংবাদিকদের মুখোমুখি হন এবং রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি জানান, ইতিমধ্যেই নির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত সাফ জানিয়েছে যে, এই মামলাগুলি বাদে তাঁকে অন্য কোনও নতুন কেসে ফাঁসিয়ে আর গ্রেপ্তার করা যাবে না। সরকার পক্ষ আদালতে দাবি করেছিল, মিলন প্রধানের বিরুদ্ধে আর কোনও মামলা নেই, অথচ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁর বিরুদ্ধে মোট বারোটি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি বাদ দিলে বাকিগুলির কথা এডিজিপি-কে আগেই জানানো হয়েছিল।
শুভঙ্করবাবু অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশেই শুধু কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলেই মিলন প্রধানকে লুকিয়ে গ্রেপ্তার করা হয়েছে, চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে এবং নাম প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। অথচ একই মামলায় বিজেপির নির্বাচনী কমিটির সদস্য ও জেলা পরিষদের পদাধিকারী অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়ালেও তাঁদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। আইনের চোখে এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, আদালতের বাইরে ও ভেতরে—উভয় জায়গাতেই এই আইনি ও রাজনৈতিক লড়াই জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে। নন্দীগ্রামের মানুষ আজ দলমত নির্বিশেষে মিলন প্রধানের পাশে রয়েছে এবং প্রত্যেকেই নিজেদের একেকজন ‘মিলন প্রধান’ বলে মনে করছেন।
মহামান্য আদালতের ওপর সম্পূর্ণ আস্থা রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ল্যান্ড অফ দ্য ল বা আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের এই লড়াই থামবে না।
