বন্যার জল নামতেই ভূতনিতে দুর্গাপুজোর প্রস্তুতি, ফিরছে উৎসবের ব্যস্ততা
সংবাদদাতা, মালদা: বন্যার জলযন্ত্রণা ধীরে ধীরে কাটিয়ে ফের উৎসবের প্রস্তুতিতে ফিরছে মালদহের ভূতনি। জলস্তর কমতে শুরু করেছে। তাই এবার দুর্গাপুজোকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু করেছেন এলাকার পুজো উদ্যোক্তারা। যদিও এখনও কয়েকটি পুজোমণ্ডপের সামনে জল জমে রয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।
ভূতনির ডোমনটোলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা জানান, গত দু’দিন ধরে এলাকায় দ্রুত জল কমছে। দু’দিন আগেও মণ্ডপের সামনে প্রায় এক হাঁটু জল জমে থাকায় প্রতিমা তৈরির কাজ শুরু করা সম্ভব হয়নি।
জল কিছুটা নামতেই মৃৎশিল্পীকে দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়েছে। বন্যার পরিস্থিতির মধ্যেও সময়মতো পুজোর আয়োজন সম্পূর্ণ করার চেষ্টা চলছে।
একইভাবে ভূতনির শঙ্করটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতেও শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। মৃৎশিল্পী ইতিমধ্যেই প্রতিমার কাঠামো তৈরির কাজ শুরু করেছেন। উদ্যোক্তাদের বক্তব্য, জল কমার অপেক্ষাতেই এতদিন কাজ থমকে ছিল।পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারও যথাযথভাবে দুর্গাপুজোর আয়োজন করা হবে। সরকারি অনুদান পাওয়ার বিষয়েও তাঁরা আশাবাদী।
এদিকে পুজো উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। তাঁর দাবি, ভূতনির কয়েকটি পুজোমণ্ডপের সামনে এখনও জল আছে বটে, তবে আগামী দু’দিনের মধ্যে সেখান থেকেও জল নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায়ক আরও জানান, বন্যার কারণে কোনও পুজোমণ্ডপ বা মন্দির ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুজোর আয়োজনে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সেদিকেও নজর রাখা হবে।
