অর্ণবের প্রভাবে ভিজছে বাংলা, বৃষ্টি শুরু কলকাতাতেও

সংবাদদাতা, কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে আছড়ে পড়ে শক্তি হারিয়েছে। কিন্তু তার পরোক্ষ প্রভাবের ফাঁড়া কাটেনি বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতার আকাশের মুখ ভার সকাল থেকেই। বজ্রগর্ভ মেঘের সঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টি চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এরকম বৃষ্টি চলতে পারে শুক্রবারও। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়ে রেখেছে হাওয়া অফিস। জানানো হয়েছে এর পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে কাজেকর্মে বাড়ির বাইরে বেরোনোর আগে আবহাওয়ার হালচালের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে। এর জেরে নিচু এলাকায় জল জমা এবং কৃষিজমিতে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পংয়ের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ে যাঁরা বেড়াতে গিয়েছেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিমের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত শুরু হয়েছে। কুপুপ গ্রাম ও নাথাং উপত্যকা-সহ সিকিমের একাধিক জায়গায় বরফ পড়ার খবর পাওয়া গিয়েছে।
