বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতা হাইকোর্টের ৪৫ তম প্রধান বিচারপতি হলেন রবীন্দ্র ভি ঘুগে

09 September, 2026 1:11 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:‌ প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। বুধবার সকালে ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে। হাই কোর্টের এক নম্বর এজলাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন বসু, একাধিক বিধায়ক, দেশের বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতি ও প্রবীণ আইনজীবীরা।

প্রশাসনিক ও আইনি প্রথা মেনে শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হলেও অনুষ্ঠানে প্রধান অনুপস্থিতি ছিল কলকাতার মেয়রের। যা নিয়ে রাজ্য রাজনীতির ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের ইতিহাস বলছে, প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে শহরের প্রথম নাগরিক অর্থাৎ কলকাতার মেয়র উপস্থিত থাকেন। কিন্তু এই প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়রের অনুপস্থিতি নজর কেড়েছে। তবে হাই কোর্টের নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

শপথগ্রহণের আগে বিচারপতি ঘুগে তাঁর বক্তব্যে জানান, ‘‌কলকাতা হাইকোর্ট দেশের অন্যতম প্রাচীন আদালত। যেখানে আমার পূর্বজ হিসেবে বহু স্বনামধন্য ও প্রতিভাধর ব্যক্তি পা রেখেছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরভূমি এই বাংলা। যা ভারতের স্বাধীনতার জন্ম দিয়েছে।’‌ বক্তব্যে নিজের জীবন এর দীর্ঘ লড়াইয়ের কথাও স্মরণ করেন বিচারপতি। বলেন, ‘‌আমাকে ৪ মাইল হেঁটে রোজ আইন কলেজে পড়তে যেতে হতো। ছোটবেলায় সাইকেল চালিয়ে স্কুল যাওয়া থেকে আজ এই উচ্চাসনে বসার পথটা সহজ ছিল না। এই লড়াইতে আমার স্ত্রী এবং পরিবারের নিঃশব্দে সবসময় পাশে থেকেছে। তাদের আত্মত্যাগ ভোলার নয়। আজ মাকে ভীষণ মনে পড়ছে।’‌ বলেন, ‘‌নতুন প্রজন্মের আইনজীবীদের বলব, কঠিন পথ পেরিয়েই সাফল্য আসে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কাজের পরিধি আরও মসৃণ করতে হবে। আমি প্রথমত একজন আইনজীবী, তাই আদালতের দরজা বিচারপ্রার্থী ও সবার জন্য সর্বদা খোলা।’‌

১৯৯০ সালে ঔরঙ্গাবাদ থেকে আইনের ডিগ্রি পান রবীন্দ্র ভি ঘুগে। এরপর বোম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস শুরু করেন। ২০১৩ সালে বোম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। পরে বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন তিনি। পেশাগত জীবনে অত্যন্ত দূরদর্শী ও গুরুত্বপূর্ণ বেশ কিছু রায়দানের জন্য পরিচিত ঘুগে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশক্রমে তিনি কলকাতা হাইকোর্টের শীর্ষ বিচারপতির দায়িত্বভার গ্রহণ করলেন। কলকাতা হাইকোর্টের কার্যভার গ্রহণের পর বিচার বিভাগীয় কাজকর্মে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। আইনি পরিকাঠামো উন্নয়ন ও ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে তাঁর নতুন প্রশাসনিক কৌশল তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের আগে পর্যন্ত এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

প্রতিবেদন

Lopa Bhowmik