ব্রিটেনে বিমান বিভ্রাট, চরম ভোগান্তি যাত্রীদের
সংবাদদাতা, লন্ডন: ‘ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিস’–এ প্রযুক্তিগত গোলমাল। মঙ্গলবার ব্রিটেনজুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবা। বিমান ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইটরাইডার২৪’–এর তথ্য বলছে, দেশের বিমানবন্দরগুলি থেকে ওঠা–নামা করা প্রায় ১ হাজার ৩০০টি বিমান ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার জেরে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে স্ট্যানস্টেড ও সিটি বিমানবন্দর ছাড়াও হিথরো, গ্যাটউইক, ম্যাঞ্চেস্টার, লিভারপুল, বার্মিংহাম, এডিনবরার মতো ব্রিটেনের প্রধান প্রধান বিমানবন্দরগুলি। খবর পাওয়া গেছে,আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর থেকেও বেশ কিছু বিমানের উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে। প্রভাব পড়েছে স্কটল্যান্ডের একাধিক বিমানবন্দরেও।
ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিস জানিয়েছেন, প্রযুক্তিগত এই ত্রুটির কারণে গোলমাল হয়েছে ফ্লাইট ডেটা প্রসেসিং সিস্টেমে। যে কারণে উড়ান বাতিল করা ছাড়া অন্য আর কোনও উপায় ছিল না। অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তাদের ১০০টিরও বেশি বিমানের উড়ান বাতিল করতে হয়েছে এবং কিছু বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফ্লাইটরাইডার ২৪ জানিয়েছে, বুধবার লন্ডনে ১৭৭টি উড়ান বাতিল হয়েছে। রায়ান এয়ারের দেওয়া তথ্য অনুযায়ী তাদের ৫০টির বেশি উড়ান বাতিল হয়েছে। ইজিজেটও জানিয়েছে, সমস্যার কারণে তাদের কিছু ফ্লাইট চালানো সম্ভব হয়নি এবং ইউরোপের বিভিন্ন রুটেও এই দেরি হওয়ার প্রভাব পড়েছে। উড়ান বাতিলের আশঙ্কা রয়েছে এয়ার ইন্ডিয়ারও। যাত্রীদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই যেন নিজের বিমানের সর্বশেষ তথ্য দেখে নেন তারা।
জানা গেছে, এর ফলে ৬৫ হাজারের বেশি যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। ব্রিটেনের বিমানবন্দরগুলিতে উপচে পড়ছে যাত্রীদের ভিড়। সোশ্যাল মিডিয়ায় নিজেদের হয়রানির কথা জানাচ্ছেন তারা। অভিযোগ, উড়ান বিভ্রাট সম্পর্কে সংস্থাগুলির তরফে আগে থেকে কোনও তথ্যই যাত্রীদের দেওয়া হয়নি। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে প্যাসেঞ্জার ট্র্যাফিকের কারণে হিথরো বিমানবন্দরে বহু যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। তবে এবার সমস্যা কেবল হিথরো নয়, ব্রিটেনের প্রায় সব জায়গাতেই দেখা গিয়েছে।
