হামলার ঘটনায় উত্তপ্ত পাঁড়ুইয়ের চৌমন্ডলপুর
সংবাদদাতা, বীরভূম: ফের উত্তপ্ত হয়ে উঠল বোলপুর বিধানসভার পাঁড়ুই থানার অন্তর্গত চৌমন্ডলপুর গ্রাম। বিজেপির অভিযোগ, মঙ্গলডিহী শক্তি কেন্দ্র ৩-এর প্রধান শেখ হান্নান, তাঁর দাদা, ভাই, ভাইপো-সহ বিজেপির কয়েকজন কার্যকর্তার ওপর তৃণমূলের কয়েকজন কর্মী হামলা চালিয়েছে।
অভিযোগ, চৌমন্ডলপুর গ্রামের সদাই শেখ, তাঁর ছেলে শেখ জাহাঙ্গীর, শেখ সুজন, শেখ মফিজুল এবং শেখ পলাশের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সাবল, কুরুল-সহ বিভিন্ন হাতিয়ার নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পর আহত বিজেপি কর্মীদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলডিহী শক্তি কেন্দ্রের প্রধান শেখ হান্নানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার সঙ্গে যুক্ত কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাঁড়ুই থানার পুলিশ।
