নাট্যকার ও নির্দেশক, অভিনেতা পঙ্কজ মুন্সি প্রয়াত
সংবাদদাতা: অন্য ধারার নাটকের মধ্য দিয়ে তাঁর আত্মপ্রকাশ এবং খ্যাতি। মঞ্চ প্রযোজনায় রেখেছিলেন নিজস্ব স্বাক্ষর। সবকিছু পিছনে ফেলে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার পঙ্কজ মুন্সী। বয়স হয়েছিল ৬৮। জানা যাচ্ছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন এক হাসপাতালে।
তাঁর নাট্যধারার মধ্যে বাদল সরকার ঘরানার ছন্দকে খুঁজে পাওয়া যায়। তাঁর কয়েকটি জনপ্রিয় নাটক হল এবং গঙ্গারাম, মিট্টি কা গাড়ি, চরণদাস চোর, বাহাদুর কালারিন, স্বপ্নচর, বিদ্যেধরীর অরুচি, মানুষ ইত্যাদি ।
চলচ্চিত্র মাধ্যমেও তিনি কিছু অবদান রেখেছেন। পরিচালক অশোক বিশ্বনাথনের তথ্যচিত্র ‘বাদল সরকার অ্যান্ড দ্য অল্টারনেটিভ থিয়েটার’ এ তাঁর অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হল, ‘মহিষাসুরমর্দিনী’, “শজারুর কাঁটা’। তাঁর সহধর্মিণী তপতী মুন্সীও নাটক ও অভিনয়ের সঙ্গে যুক্ত। পঙ্কজ মুন্সির প্রয়াণে অন্য ধারার প্রবহমানতা রুদ্ধ হল বলেই মনে করছেন নাট্যমোদীরা।
