SIR প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, যাদবপুর থেকে বার্তা নেহার
সংবাদদাতা, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে AISA নেত্রী নেহা বোরা। যন্তর মন্তরে পরপর দুদিন জ্ঞানেশ কুমারের পদত্য়াগ চেয়ে আন্দোলনে আটক করা হয় নেহাকে। তাঁর ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়। দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। এবার যাদবপুরে বামপন্থী ছাত্র সংগঠনগুলির কনভেশনে যোগ দিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন নেহা।
রবিবার রাতে দিল্লি পুলিশ তাঁকে মুক্তি দেয়। সোমবার সকালে তিনি যাদবপুরে আসতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু সকালেই তিনি বিমানবন্দরে নামেন। তাঁকে ঘিরে বিক্ষোভ কর্মসূচি হতে পারে। আঁচ পেয়ে নেহাকে গোপনে বিমানবন্দর থেকে যাদবপুরে নিয়ে আসেন বাম কর্মী-সমর্থকরা। ‘জেন জ়ি আন্দোলন, প্রজন্ম ও প্রতিরোধের ঐক্য’ বিষয়ে এবং এসআইআর, শিক্ষা সংক্রান্ত প্রশ্নকে সামনে রেখে ছাত্র সংগঠনগুলি যাদবপুরের কে পি বসু মেমোরিয়াল হলে কনভেনশনের ডাক দিয়েছিল। কনভেশনে ছিলেন এসএফআই-এর জাতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য, গবেষক সংগঠনের সম্পাদক আফরিন শিল্পী, এসআরএফটিআই-এর পক্ষ থেকে শুভম-সহ একাধিক ছাত্র সংগঠনের নেতৃত্ব। ভিড়ের জন্য় কে পি বসু মেমোরিয়াল হল থেকে কনভেশন মাঝপথে গান্ধী ভবনের সামনে নিয়ে আসা হয়। সভা থেকে কেন্দ্র সরকারের অনৈতিক কার্যকলাপ নিয়ে চাঁছাছোলা আক্রমণ করেন নেহা। বাংলায় হকার উচ্ছেদ নিয়েও বিজেপি সরকারকে তোপ দাগেন তিনি। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত জাতীয় স্তরে আন্দোলন চলবে। জানিয়েছেন তিনি।
এই প্রথম সিপিএমের গণসংগঠনের দফতরে সিপিআইএম-এলের কর্মসূচি হতে চলেছে। হরেকৃষ্ণ কোঙার ভবনের বিনয় চৌধুরী সভাগৃহে জাতীয় পরিস্থিতি ও ইন্ডিয়া মঞ্চের কৌশল নিয়ে বৈঠক হবে তাঁদের। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবেন দীপঙ্কর ভট্টাচার্য ও নেহা বোরা। তাই সোমবার শহরেই থাকবেন তিনি।
