বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

মমতা-তৃণমূলের নেতার কাছে মিষ্টিমুখের পরেই কাজল শেখের নিরাপত্তা প্রত্যাহার নবান্নের

29 October, 2026 6:23 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, সিউড়ি: শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে বিজয়ার মিষ্টি খাওয়ার পরেই কাজল শেখের দেহরক্ষী প্রত্যাহার করে নিল নবান্ন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী হিসাবে পরিচিত ছিলেন হাসন বিধানসভার বিধায়ক ফায়জুল হক ওরফে কাজল শেখ। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শোভনদেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই শিবির বদলের জল্পনা শুরু হয়েছিল। এরপরেই কাজলের দুই দেহরক্ষী প্রত্যাহার করে নেওয়া হল।

বিধায়ক হিসাবে একজন দেহরক্ষী বরাদ্দ হলেও দেখা গেল সম্পূর্ণ নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে বিধায়ক কাজল শেখের কোনও নিরাপত্তা রক্ষী নে্ই। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, বিজয়ার মিষ্টি খেয়েছি তাই দু’জন সিকিউরিটিকে সরিয়ে দেওয়া হল।

বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ। গোরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর লাল মাটির জেলায় আরও শক্ত হয়েছিল কাজলের শিকড়। তৃণমূল আমলের শেষ পঞ্চায়েত নির্বাচনে জেলা আসনে জয়লাভ করে সভাধিপতি হয়েছিলেন তিনি। এরপরেই কাজলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। সামনে পিছনে পাইলট ও এসকর্ট গাড়ি-সহ সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকত তাঁর নিরাপত্তায়। পরে সেই নিরাপত্তা বৃদ্ধি করে ওয়াই প্লাস ক্যাটিগরি করা হয়। কমপক্ষে ১৫ জন পুলিশকর্মী সর্বদা কাজল শেখের কনভয়ের দায়িত্বে থাকত। সদ্য নির্বাচনে বীরভূমের হাসন বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে বিধায়ক হন কাজল। কিন্তু, রাজ্যে পালাবদলের পরেই কাজলের সমস্ত ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়।

রাজ্যে বিজেপি সরকার আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ভাঙন ধরে। সেই সময় বিধায়ক কাজল শেখকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে দেখা গিয়েছিল। আর এরপরেই কাজলকে ফের দু’জন দেহরক্ষী দেওয়া হয়। তবে অক্টোবরে বিধানসভায় মমতাপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে বিজয়ার মিষ্টি খেতে দেখা যায় বিধায়ক কাজল শেখকে। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ও এন্টালি বিধানসভার বিধায়ক সন্দীপন সাহা ইতিমধ্যে মমতা শিবিরে আস্থা রেখেছেন। তার পরপরেই ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক কাজল শেখ বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে মিষ্টিমুখ করেন। আর এতেই শিবির বদলের জল্পনা তুঙ্গে ওঠে।

প্রতিবেদন

Sandipan Saha