কলেজ ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত টিভিকে নেতা গ্রেপ্তার

চেন্নাই: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। তামিলনাড়ুতে গ্রেপ্তার করা হল তমিলগা ভেত্রি কজগম (টিভিকে) দলের গুরুত্বপূর্ণ এক নেতাকে। অভিযুক্তের নাম এল ক্রিস্টোফার। তিনি কন্যাকুমারী জেলার কেন্দ্রীয় জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে।
ক্রিস্টোফারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাগেরকয়েলের একটি কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন। জানা গেচে, ঘটনার দিন, নির্যাতিতা ছাত্রী এবং তার এক বন্ধু কলেজ থেকে বাড়ি ফেরার সময় বাসের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় প্রচণ্ড বৃ্ষ্টি পড়ছিল। পুলিশের দাবি, নির্যাতিতা ছাত্রীর বন্ধুর সঙ্গে আগেই পরিচয় ছিল ক্রিস্টোফারের। তাদের দু’জনকে বাসের জন্য অপেক্ষা করতে দেখে অভিযুক্ত নিজের গাড়ি করে মেয়ে দুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন । বলেন, তিনি ওই পথেই যাচ্ছেন। তাঁদের নামিয়ে দিতে পারেন।
অভিযোগ, মুলাচল এলাকায় ছাত্রীর বন্ধুকে নামিয়ে দেন ক্রিস্টোফার। তারপর অভিযোগকারী ছাত্রীকে নিয়ে কুলশেখরমে তাঁর বাড়ির দিকে গাড়ি ছুটিয়ে দেন। ছাত্রীর অভিযোগ, মাঝপথে গাড়ি থামিয়ে তাঁর যৌন হেনস্থা করেন ক্রিস্টোফার। তিনি বাধা দেন। গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, তাঁকে বাধা দেন টিভিকে নেতা। তার পর তাঁকে ওই গাড়িতেই বাড়ির কাছে নামিয়ে দেন। বাড়িতে গোটা ঘটনা জানান ওই ছাত্রী। তাঁর সহপাঠীকেও বিষয়টি জানিয়েছিলেন তিনি। তার পর সহপাঠীকে সঙ্গে নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে অভিযোগ দায়ের করার পরের দিন ছাত্রীটি অভিযোগ প্রত্যাহার করে ক্রিস্টোফারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেছিলেন পুলিশকে। এই পরিবর্তনের পিছনে চাপ বা প্রভাব খাটানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় ক্রিস্টোফারকে।
