কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাসে দাবি–আপত্তির শুনানি শুরু
নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের পর এবার শুরু হল পরবর্তী পর্ব। এই ধাপে ক্লেইম অ্যান্ড অবজেকশন (দাবি ও আপত্তি) জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পুর এলাকার বর্তমান ৫৮টি ওয়ার্ডকে ভেঙে ১২৩টি নতুন ওয়ার্ড তৈরি করা হচ্ছে। বাকি ৮৬টি ওয়ার্ড সরাসরি ভাঙা না হলেও পুনর্বিন্যাসের কারণে সেগুলির সীমানা ও পরিচিতি বদলে যাবে। ভোটার সমতার জন্য প্রতিটি ওয়ার্ডে ভোটার সংখ্যা সামঞ্জস্যপূর্ণ (আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার ভোটার) রাখার উদ্দেশ্যে এই ডিলিমিটেশন করা হচ্ছে। সাধারণ নাগরিক, সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির এই নতুন সীমানা নির্ধারণ নিয়ে কোনো আপত্তি, পরামর্শ বা দাবি থাকলে তা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে।
শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন সীমানা নির্ধারণ নিয়ে সাধারণ মানুষ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলগুলির কোনও আপত্তি, পরামর্শ বা দাবি থাকলে তা খতিয়ে দেখা হবে। এদিন শুনানিতে অংশ নেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা। অশোক সিনহার নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে শুনানিতে যোগ দেয় বিজেপি। নিজের এলাকা ও ওয়ার্ড সংক্রান্ত মতামত জানাতে উপস্থিত হচ্ছেন এলাকার বাসিন্দারাও।
দিন কয়েক আগেই কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রস্তাবিত ওয়ার্ডগুলির নতুন সীমানা ও বিন্যাস নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের আপত্তি বা পরামর্শ ২২ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার দফতরে অফিস চলাকালীন সময়ে পুরসভার কমিশনারের কাছে জমা দিতে পারবেন। প্রকাশিত নথিতে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সীমানা নির্দিষ্ট রাস্তা, খাল, রেললাইন, নদী এবং অন্যান্য ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
