বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতা পুরসভার সেন্ট্রাল সার্ভারে সাইবার হামলা

21 September, 2026 4:09 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: কলকাতা পুরসভার সেন্ট্রাল সার্ভার ও ওয়েবসাইটে সাইবার হামলা। ১৪ সেপ্টেম্বর থেকে  এই ভয়াবহ হ্যাকিং শুরু হয়েছিল। ফলে পুরসভার প্রায় সমস্ত অনলাইন পরিষেবা টানা কয়েক দিন ধরে সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ডিজিটাল মাধ্যমে জট তৈরি হওয়ায় চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। আইটি বিশেষজ্ঞ ও সাইবার ক্রাইম শাখার প্রাথমিক তদন্ত সূত্রে জানা গিয়েছে, এটি মূলত একটি অত্যন্ত জটিল ‘র‍্যানসামওয়্যার’ আক্রমণ। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

হ্যাকাররা পুরসভার মূল ডেটা সেন্টারে হামলা করে তথ্য এনক্রিপ্ট করার চেষ্টা করে। ঘটনার গুরুত্ব বুঝে এবং ডেটা সেন্টারের আরও বড় ধরনের ক্ষতি কিংবা সংবেদনশীল নথি চুরি রোধ করতে পুরসভার তথ্যপ্রযুক্তি বিভাগ তড়িঘড়ি সমস্ত অভ্যন্তরীন ইন্টারনেট সংযোগ ও সার্ভার বিচ্ছিন্ন করে দেয়। এই সাইবার হানার প্রভাব স্টেট ডেটা সেন্টারের সঙ্গে সংযোগ থাকায় কেবল কলকাতা পুরসভাই নয়, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর-সহ বেশ কয়েকটি অন্যান্য সরকারি পোর্টালের কাজও সাময়িকভাবে থমকে যায়। কলকাতা পুরসভার ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব পড়েছিল নাগরিক পরিষেবাতেও। জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল বিকল হয়ে পড়ায় নতুন ডিজিটাল বার্থ ও ডেথ সার্টিফিকেট আপলোড, সংশোধন বা ডাউনলোড করার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুরসভার অনলাইন পোর্টালে সম্পত্তি কর জমা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ট্রেজারি, অর্থ বিভাগ, রাজস্ব এবং বিল্ডিং প্ল্যান অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ পুরোপুরি থমকে যায়। ব্যবসায়িক লাইসেন্স বা ট্রেড লাইসেন্স নবীকরণের কাজও ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুরসভার আইটি টিম, রাজ্যের ইনফরমেশন টেকনোলজি বিভাগ এবং বিশেষজ্ঞ সাইবার ক্রাইম টিম যৌথভাবে পুনরুদ্ধারের কাজ শুরু করে। সাইবার সুরক্ষায় রাজ্য সরকারের ই-ডিস্ট্রিক্ট পোর্টালের আওতাধীন বেশ কিছু পরিষেবাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়। জাতীয় সাইবার রেসপন্স টিম বা সার্ট-ইন এর নির্দিষ্ট নির্দেশিকা মেনে পুরো ডিজিটাল পরিকাঠামোর নিয়মিত সাইবার অডিট ও ফরেনসিক তথ্য যাচাই করা হয়। ব্যাকআপ সার্ভার থেকে তথ্য পুনরুদ্ধার করা এবং ক্ষতিকারক মালওয়্যার পুরোপুরি নির্মূল করার পরেই ধাপে ধাপে পোর্টালগুলি ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বাগুইআটিতে শয্যাশায়ী যুবককে খুন, ডাকাতির ছক সাজিয়েও গ্রেপ্তার নিজের দাদা

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এনক্রিপ্ট হওয়া ডেটা সফলভাবে পুনরুদ্ধার করা গিয়েছে এবং প্রধান নিরাপত্তা ফাঁকফোকরগুলি মেরামত করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে নিশ্চিত করেছেন যে, পুরসভার সার্ভার এখন সম্পূর্ণ সুরক্ষিত এবং পরিষেবাগুলি পুনরায় স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। নাগরিকেরা এখন থেকে আগের মতোই অনলাইন মাধ্যমে কর প্রদান, শংসাপত্র সংগ্রহসহ অন্যান্য সুবিধা নির্বিঘ্নে পান করতে পারবেন। তবে ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে পুরসভার সাইবার নিরাপত্তা প্রাচীরকে আরও কঠোর ও আধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদন

UTSAB RC