খড়্গপুরে প্রকাশ্য রাস্তায় চলল গুলি, গুরুতর জখম এক ছাত্র
সংবাদদাতা, খড়্গপুর: প্রকাশ্য রাস্তায় চলল গুলি। গুরুতর জখম ১৫ বছর বয়সী এক ছাত্র। বুধবার সকালের ঘটনা। খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকা দিয়ে বাইকে চড়ে যাচ্ছিল অক্ষয় ঝা নামের ওই কিশোর। বাইকটি চালাচ্ছিলেন সাগর কুমার নামে অক্ষয়ের পরিচিত এক যুবক। গীতাঞ্জলি হলের কাছে রাস্তার ধারের একটি দোকানের সামনে বাইক থামিয়ে দু’জন কিছুক্ষণ দাঁড়িয়েছিল অক্ষয় ও সাগর। আচমকাই অন্য একটি বাইকে চড়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি এসে গুলি চালিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্র। তার বুকে গুলি লাগে। দ্রুত তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কিশোরটিকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, যায়ী হামলাকারীদের মুখ ঢাকা ছিল।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, ‘গুলি চালানোর ঘটনায় পুলিশ দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।’ হামলার আসল নিশানা কে ছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাগর জমি-বাড়ি সংক্রান্ত দালালির কাজ করেন। তাঁর সঙ্গে অক্ষয়ের বন্ধুত্ব ছিল। ফলে সাগরকে কেন্দ্র করে কোনও পুরনো বিরোধের জেরে হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অন্যদিকে, অক্ষয়ও হামলাকারীদের নিশানায় ছিল কিনা, তা নিয়েও স্পষ্ট তথ্য মেলেনি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, হামলার সময় দু’বার গুলি চালানো হলেও আশপাশের মানুষ গুলির শব্দ শুনতে পাননি। তাহলে কি বন্দুকের সঙ্গে সাইলেন্সর ব্যবহার করা হয়েছিল? উঠছে সেই প্রশ্নও।
খবর পেয়ে খড়্গপুর টাউন থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের গতিবিধি বোঝার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাগর কুমারকেও । আহত ছাত্রটির পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ।
