ট্যাংরায় অ্যাপ ক্যাবের মধ্যে থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য
সংবাদদাতা, কলকাতা: খাস কলকাতায় গাড়ির ভেতর থেকে পাওয়া গেল মধ্যবয়সী এক ব্যক্তির দেহ। জানা গেছে, বুধবার সকালে ট্যাংরায় দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের অ্যাপ ক্যাবের মধ্য থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে এন্টালি থানায় খবর যায় দেবেন্দ্র চন্দ্র দে রোডের ধারে একটি গাড়িতে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। পুলিশ পৌঁছে দেখে গাড়িটি ভেতর থেকে বন্ধ। মিস্ত্রি ডেকে গাড়ির গেট খোলানো হয়। গাড়ির ভেতরে দেহটি দড়ি দিয়ে পা বাঁধা অবস্থায় পড়ে ছিল। মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। এন্টালি থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় লালবাজারের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মৃতের নাম ভগবানপ্রসাদ গুপ্তা। বয়স ৪৫। বাড়ি মধ্যমগ্রামের দোলতলা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ব্যক্তিকে খুন করা হয়েছে। তবে তাকে গাড়িতেই খুন করা হয়েছে নাকি অন্য কোথাও মেরে গাড়িতে ফেলে রেখে যাওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির মালিকের খোঁজ চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত ভগবানপ্রসাদই ওই ক্যাবের চালক। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানতেও তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
