Keyaa Banerji: বিশ্বমঞ্চে রুপো জয়ের পরই ভয়ঙ্কর অভিজ্ঞতা, অনলাইন হয়রানি নিয়ে মুখ খুললেন কেয়া
কলকাতা: ১৪০ কেজি ডেডলিফট করে বিশ্বমঞ্চে রুপো। ৪৫.৭০ কেজি ওজনের শরীরে নিজের ওজনের তিন গুণেরও বেশি ভার তুলে ২০২৬ সালের আন্তর্জাতিক পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় নজর কেড়েছিলেন ২১ বছরের ভারতীয় ক্রীড়াবিদ কেয়া কুণাল বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সাফল্যের ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসার সঙ্গে শুরু হয় যৌন হয়রানি, ভুয়ো অ্যাকাউন্ট এবং তাঁর মুখ-শরীর ব্যবহার করে বিকৃত ছবি তৈরির ঘটনা।

নিজেই সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানিয়েছেন কেয়া। তাঁর কথায়, “একজন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে আমাকে অনলাইনে যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছে। আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমার জাতি, বংশপরিচয় এবং জাতপাত নিয়েও অস্বস্তিকর আলোচনা হয়েছে।” তবে তাঁকে সবচেয়ে বেশি বিচলিত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ছবি। কেয়ার অভিযোগ, “হাজার হাজার কৃত্রিম ছবি তৈরি করা হয়েছে। আমার মুখ ও শরীরকে বিকৃত করে সেগুলি এমনভাবে বদলে দেওয়া হয়েছে, যা অত্যন্ত অস্বস্তিকর। প্রতিদিন নিজের এবং পরিচিতদের সমাজমাধ্যমের পাতায় এই ভুয়ো ছবিগুলি দেখতে হচ্ছে।” পরিস্থিতি আরও জটিল হয় তাঁর পুরনো ব্যক্তিগত অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়ার পর। বাধ্য হয়েই নতুন অ্যাকাউন্ট খুলেছেন তিনি।
কিন্তু মজার বিষয়, সমাজমাধ্যমে পরিচিতি বাড়ানোর কোনও ইচ্ছাই ছিল না কেয়ার। নতুন অ্যাকাউন্টটিও প্রথমে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। তাঁর কথায়, “আমি কখনও এটাকে প্রকাশ্য করতে চাইনি। কিন্তু নিজের খেলা এবং নিজের সাফল্য নিয়ে কী বলা হচ্ছে, সেখানে নিজের কথা বলার জন্য আমার সামনে আর কোনও পথ ছিল না।” একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, অনুসারীর সংখ্যা বাড়ানো বা প্রচার পাওয়ার জন্য এই অ্যাকাউন্ট নয়। “আমি কোনও প্রভাবশালী সমাজমাধ্যম ব্যক্তিত্ব হতে চাই না। এখান থেকে অর্থ উপার্জন বা নিয়মিত বিষয়বস্তু তৈরি করারও কোনও লক্ষ্য নেই। আমি শুধু নতুন করে শুরু করতে চাই এবং কোন অ্যাকাউন্টটা সত্যিই আমার, সেটা সবাইকে জানাতে চাই।” অথচ তাঁর খেলোয়াড়ি উত্থানের গল্পটা যথেষ্ট উজ্জ্বল। ২০২৫ সালের জাতীয় প্রতিযোগিতায় ১২৭.৫ কেজি ডেডলিফট থেকে এক বছরের মধ্যেই ১৪০ কেজিতে পৌঁছন কেয়া। সেই ওজনই বিশ্বমঞ্চে তুলে রুপো জেতেন তিনি।
আরও পড়ুন: India vs Brazil: ৯৯৯ থেকে ১৫ হাজার! কলকাতায় ব্রাজিল-ভারত ম্যাচের টিকিটে হুড়োহুড়ি
আরও পড়ুন: India vs Uruguay: কলকাতায় নামছে তারার মেলা! ফোরলানের ৪৬ জনের তালিকায় ভালভার্দে-আরাউহো-নুনেজ
তাই এখন কেয়ার চাওয়া আরও প্রচার নয়। বরং নিজের পরিচয়ের উপর নিয়ন্ত্রণটা ফিরে পাওয়া। “আমি আরও প্রচার চাই না। অনুসারীর সংখ্যা নিয়েও আমার কোনও মাথাব্যথা নেই। আমি শুধু এমন একজন মেয়ে হয়ে থাকতে চাই, যে ডেডলিফট করতে ভালোবাসে। এমন কোনও ছবি হয়ে নয়, যাকে বারবার টুকরো টুকরো করে বিকৃত করা হচ্ছে,” বলেছেন তিনি। যে ১৪০ কেজির লিফট তাঁকে বিশ্বমঞ্চে পরিচিতি দিয়েছিল, সেই লিফটের পরেই শুরু হয়েছে সম্পূর্ণ অন্য এক লড়াই। বারবেলের বিরুদ্ধে নয়। লড়াইটা নিজের মুখ, নিজের শরীর এবং নিজের পরিচয়কে অন্যের বিকৃতির হাত থেকে বাঁচানোর।
