জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শনে ডিআরএম
সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চলছে জোরকদমে। স্টেশনে যাত্রীদের জন্য অত্যাধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শনে এলেন কাটিহার রেল বিভাগের ডিআরএম কিরেন্দ্র নাড়া।
এদিন স্টেশন চত্বরে ঘুরে প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন তিনি। নির্মাণকাজের অগ্রগতি ও কাজের গতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন ডিআরএম। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিআরএম জানান, অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই তিনি জলপাইগুড়ি টাউন স্টেশনে এসেছেন। স্টেশন আধুনিকীকরণের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
