ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে, এবার কি গ্রেপ্তারি?
সংবাদদাতা, কলকাতা: ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দুর্গা পুজোর প্যান্ডেলে প্রবেশের পাস বিক্রির নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন এই মন্ত্রী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে বিচারপতি সম্মতি দিলেন না ইন্দ্রনীলের আবেদনে। ফলে নিঃসন্দেহে চাপে পড়লেন এই তৃণমূল নেতা। কারণ এবার তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না।
অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে অত্যন্ত বেশি দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করেছিলেন ইন্দ্রনীল। এছাড়াও অভিযোগ ছিল, দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের নামে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তিনি। এর ভিত্তিতেই বউবাজার থানায় তাঁর নামে এফআইআর দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই বিষয়ে তদন্তে নেমেছে। একাধিকবার ইন্দ্রনীল সেন এবং তাঁর একাধিক আত্মীয়কে জেরা করেছেন ইডির আধিকারিকরা। খতিয়ে দেখেছেন নথিপত্রও। এরমধ্যেই গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ইন্দ্রনীল। কিন্তু এ দিন সেই আবেদন নাকচ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে চন্দননগর উৎসব সংক্রান্ত একটি মামলায় ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট
