ফের উত্তাল রাজধানী, রাজঘাট অভিযান ইন্ডিয়া জোটের
সংবাদাদাতা, নয়াদিল্লি: জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াল ইন্ডি জোট। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার কনট প্লেসের একটি রেস্তোরাঁয় ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এরপরই রাজঘাটের দিকে রওনা দেয় ইন্ডিয়া জোট।
বুধবারের বৈঠকে ছিল না সমাজবাদী পার্টি, শিবসেনা (ইউবিটি) ও এনসিপি (এসপি)। বৃহস্পতিবার নয়াদিল্লিতে হাজির ছিল প্রত্য়েকে। কংগ্রেসের পক্ষে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ, বিবেক তনখা, মাণিকম ঠাকুর, জোতিমণি, রাজীব শুক্লা ও দীপেন্দর হুডা। এছাড়া ছিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। তৃণমূলের মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে ও মেনকা গুরুস্বামী। সপার রাজীব রাই ও মহিবুল্লাহ, সিপিআই(এম)-এর জন ব্রিটাস, সিপিআই-এর পি সন্দোষ এবং আরজেডি-র সুধাকর সিংও উপস্থিত ছিলেন।
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ টানা তৃতীয় দিনে পড়ল। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জোট কুমারের পদত্যাগ চাইছে।
বেণুগোপাল জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ২ অক্টোবর প্রথম অনুরোধপত্র পাঠানো হয়। তারপর রাষ্ট্রপতি ভবন নাম জানাতে বললে ৫ অক্টোবর জোটের সব নেতার নামসহ আবার অনুরোধ করা হয়। ৭, ৮ বা ৯ অক্টোবর সাক্ষাৎ চাওয়া হলেও এখনও উত্তর মেলেনি। দীপেন্দর হুডার দাবি, নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার অনুমতিও চাওয়া হয়েছিল, কিন্তু তা দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, “জন্তর মন্তরেও আমাদের বসতে দেওয়া হয়নি। পুলিশের নির্মমতা আপনারা দেখেছেন। ক্ষমতাসীন স্বৈরাচারী শক্তি জনগণের কণ্ঠরোধ করতে চাইছে।”
আরজেডি-র সুধাকর সিং বলেন, কুমার পদত্যাগ না করা পর্যন্ত “ন্যায়ের লড়াই” চলবে। জন ব্রিটাসের কথায়, এই আন্দোলন “চিরস্থায়ী”। রাহুল গান্ধীও আগে বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা রক্ষার লড়াইয়ে কুমার পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে।
মঙ্গলবার ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ থেকে মিছিল করেন, তারপর রাহুল আকাশবাণী ভবনে আট ঘণ্টার ধর্নায় বসেন। বুধবার বিক্ষোভ জন্তর মন্তরে সরে যায়। সেদিন মিছিলে নিরাপত্তারক্ষীরা সাংসদদের আটকালে শাংরি-লা হোটেলের বাইরে ধুন্ধুমার বাধে। প্রিয়াঙ্কা সংবিধানের একটি কপি হাতে রাস্তায় বসে পড়েন, আর রাহুল পুলিশের আটক করার চেষ্টায় বাধা দেন।
