বাড়ি থেকে গ্রেপ্তার ইমরান খানের বোন, দলীয় কর্মসূচির আগে পাকিস্তানে ব্যাপক ধরপাকড়
লাহোর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে তাঁর লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ। দলের পক্ষ থেকে রবিবার, ২০ সেপ্টেম্বর এই গ্রেপ্তারির কথা জানানো হয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে পিটিআই। সেই কর্মসূচির কয়েক দিন আগেই আলিমা খানকে গ্রেপ্তার করা হল। পিটিআইয়ের এক মুখপাত্রের দাবি, দলের কর্মসূচির প্রস্তুতির মধ্যেই তাঁকে আটক করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লাহোরের জেলা প্রশাসন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে। প্রশাসনের তরফে জননিরাপত্তার আশঙ্কার কথা বলা হয়েছে। তবে তাঁর গ্রেপ্তারির বিষয়ে পাকিস্তান সরকারের মুখপাত্র ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
