হাইকোর্টের নির্দেশে বাধা কাটল ধর্মতলা-জোকা মেট্রোর
নিজস্ব প্রতিনিধি : ধর্মতলা-জোকা মেট্রোর কাজে বাধা কাটল কলকাতা হাইকোর্টের নির্দেশে।
সাতদিনের মধ্যে কাজ শুরু করার সবুজ সঙ্কেত দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। বিধানচন্দ্র রায় মার্কেটের ৩২১টি স্টলকে সাতদিনের শর্তসাপক্ষে ও পুর্নবাসনের ব্যবস্থা করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মেট্রোর কাজ সম্পন্ন হলে ফের পুরনো জায়গায় ফিরবেন ব্যবসায়ীরা। সাতদিনের মধ্যে বি সি রায় মার্কেট খালি করতে হবে।
১৯৫৪ সালে স্থাপিত এই মার্কেটের ৩২১ টি স্টলকে কাজ চলাকালীন পুনর্বাসনের ব্যবস্থা করবে মেট্রো কর্তৃপক্ষ। বিকল্প জায়গায় স্টলগুলি সরলে সেখানে জল, শৌচাগার, বিদ্যুৎ, নিরাপত্তার মতো বিষয়গুলির বন্দোবস্ত করতে হবে। বিকল্প জায়গায় কীভাবে, কোথায় কোন স্টল বসবে তার লে-আউট দিতে হবে। মূলত এই শর্তে কাজের জন্য স্টলগুলি ফাঁকা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জোকা-এসপ্লানেড মেট্রো সম্প্রসারণের কাজে বাধা হয়ে রয়েছে এই বিধান মার্কেট।
এসপ্লানেডে স্টেশন তৈরি করতে গেলে এই মার্কেটকে অন্যত্র সরাতে হবে। অথচ সেই অনুমতি দেয়নি সেনা। ফলে এই মেট্রো রুট এসপ্লানেড পর্যন্ত হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছিল। পরে সেই মার্কেট সরাতে বিকল্প প্রস্তাব দেয় কেএমআরসিএল। তাদের প্রস্তাব অনুযায়ী, ময়দান মার্কেটটিকে যথাস্থানে রেখে দুধারে অস্থায়ী পাঁচিল দিয়ে ঘিরে তৈরি হবে স্টেশন।
কাজ শেষ হলে পাঁচিলটি ভেঙে দেওয়া হবে।পরিকল্পনা অনুযায়ী, জোকা-এসপ্ল্যানেড করিডরের গুরুত্বপূর্ণ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মিত হবে বর্তমান ময়দান মার্কেটের নীচে। সেই কারণেই নির্ধারিত সময়ের মধ্যে এলাকা খালি করার ওপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভিক্টোরিয়া স্টেশনের কাজ শুরু হয়েছে এবং টানেল বোরিং মেশিনও সেই অংশে পৌঁছে গিয়েছে। ফলে প্রকল্পের পরবর্তী ধাপে দ্রুত এগোতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
