বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

নিউ ইয়র্কে খুন পাঞ্জাবের গুরদীপ

24 August, 2026 6:42 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিউ ইয়র্ক:‌ ফের আমেরিকায় খুন ভারতীয়। এবার নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে প্রাণ হারালেন গুরদীপ সিং নামে ২৭ বছর বয়সী এক পাঞ্জাবি যুবক। জানা গেছে, পিৎজা ডেলিভারি বয়ের কাজ করতেন তিনি। ঘটনাটি ২১ আগস্টের। এদিন রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনের ইস্ট নিউ ইয়র্ক এলাকায় ক্রিসেন্ট স্ট্রিট ও স্ট্যানলি এভিনিউয়ের কাছে হত্যা করা হয় তাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিৎজা ডেলিভারি দিতে যাওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে গুরদীপের তর্কাতর্কি শুরু হয়। সেই কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। এরপর আচমকাই আততায়ী গুরদীপের বুকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। তারপর একটি গাড়িতে চেপে চম্পট দেয়। স্থানীয় লোকজনই পুলিশে খবর দেয়। পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় গুরদীপকে উদ্ধার করে ওয়ান ব্রুকলিন হেলথ–ব্রুকডেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা, গুরদীপ সিংয়ের কাছ থেকে ছিনতাই করতে এসেছিল আততায়ী। সুবিধে করতে না পেরেই গুলি চালিয়ে দেয় সে। মৃত গুরদীপ পাঞ্জাবের কাপুরথালা জেলার জাবোওয়াল গ্রামের বাসিন্দা। ৯ বছর আগে তিনি আমেরিকায় পাড়ি দেন। সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকছিলেন। তার পরিবার ভারতেই থাকে। ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন গুরদীপের বাবা পেয়ারিলাল ও আত্মীয় পরিজনেরা। গুরদীপের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ঘটনার নিন্দে করেছেন নিউ ইয়র্কে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল বিনয় শ্রীকান্ত প্রধান। তিনি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন। অন্যদিকে নর্থ আমেরিকান পাঞ্জাবি অ্যাসোসিয়েশন অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে।‌

প্রতিবেদন

Lopa Bhowmik