হরিদেবপুর বিবেকানন্দ পার্কের থিম ‘মৃত্তিকা’
সংবাদদাতা, কলকাতা: নগরজীবনের ব্যস্ততা আর কৃত্রিমতার ভিড়ে এবার শিকড়ের টানে ফেরার বার্তা নিয়ে এলো হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। দেখতে দেখতে এবার ২৭ বছরে পা রাখল এই জনপ্রিয় দুর্গাপুজো। প্রতিবছরের মতো এবারও তাদের ভাবনায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া। ২৭তম বর্ষে ক্লাব প্রাঙ্গণে ফুটে উঠছে এক অনন্য প্রেক্ষাপট। এদের থিম ‘মৃত্তিকা’।
মাটি কেবল ধূলিকণা নয়, তা প্রাণ ধারণের প্রথম উপাদান। সকল জীবের প্রতিপালক এবং দেবী দুর্গার জন্মস্থান হিসেবে মাটিই সৃষ্টির মূল বীজ বপন করে। মাটির সঙ্গে মানুষের এই নাড়ির সম্পর্ককেই মণ্ডপজুড়ে জীবন্ত করে তুলেছেন শিল্পীরা। সম্পুর্ণ গ্রাম বাংলার আবহ, মাটির হাঁড়ি, কাঁচা মাটির গন্ধ এবং গ্রামজীবনের নিখুঁত রূপায়ণ মণ্ডপ প্রাঙ্গণজুড়ে। ইট–কাঠের শহরের বুকে দর্শনার্থীরা যেন এক মুহূর্তে পৌঁছে যান মেঠো গন্ধমাখা এক শান্ত গ্রাম্য পরিবেশে।
আয়োজকদের মতে, ‘মৃত্তিকা’ এক গভীর দার্শনিক ধারণা। এটি বাস্তব জীবনের চরম বাস্তবতা, শিল্পের আদি ভিত্তি এবং মানব সৃষ্টির মূল প্রতীক। ভূতত্ত্ব, প্রকৃতি, ভূমি এবং শৈল্পিক অভিব্যক্তির মধ্যে যে জটিল পারস্পরিক সম্পর্ক রয়েছে, এই পুজোয় তাকেই অন্বেষণ করা হয়েছে। আধুনিক ও স্বতঃস্ফূর্ত শৈল্পিক ছোঁয়া থাকলেও, মণ্ডপভাবনা আমাদের শাশ্বত ও প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যে গভীরভাবে প্রোথিত।
আসলে ‘মৃত্তিকা’ কোনও সাধারণ জন্মকাহিনী নয়, এটি একটি প্রতিপালন, বিকাশ এবং লালনের এক সুন্দর যাত্রাকে তুলে ধরে। যে মাটি আমাদের ধারণ করে, যে মাটি আমাদের অন্ন জোগায়, সেই মাটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়াই এই থিমের মূল লক্ষ্য।
