দেশজুড়ে বিতর্ক এবং সমালোচনার চাপেই কি জ্ঞানেশ কুমারের কর্মসূচি বাতিল?
সংবাদদাতা: সাম্প্রতিক খবরের জেরেই কি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আপাতত প্রকাশ্যে আসছেন না। তাই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কারণ উত্তরপ্রদেশে তাঁর নির্ধারিত দুটি যুবকেন্দ্রিক ভোটার সচেতনতা কর্মসূচি স্থগিত করেছে কমিশন। মিরাটে ২৫ সেপ্টেম্বর এবং বারাণসীতে ২৮ সেপ্টেম্বর এই কর্মসূচি হওয়ার কথা ছিল। সূত্রের খবর, আপাতত অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি দু’টি পিছিয়ে দেওয়া হয়েছে। মিরাটে ECINET নিয়ে আঞ্চলিক সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল জ্ঞানেশ কুমারের। স্কুল-কলেজের পড়ুয়া, শিক্ষক এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এই কর্মসূচিতে প্রায় দেড় হাজার মানুষের উপস্থিতির পরিকল্পনা ছিল। পাশাপাশি বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রায় ৫০০ জন বুথ লেভেল অফিসারের সঙ্গেও তাঁর আলাদা বৈঠক হওয়ার কথা ছিল।
বারাণসীতে ২৮ সেপ্টেম্বর তরুণ ও প্রথমবারের ভোটারদের সঙ্গে সরাসরি কথোপকথনের কর্মসূচি ছিল মুখ্য নির্বাচন কমিশনারের। এই কর্মসূচির মূল লক্ষ্য স্কুল ও কলেজের পড়ুয়াদের নির্বাচনী প্রক্রিয়া, ভোটার হিসেবে নাম নথিভুক্তি, ভোটদান ও গণনার বিষয়ে সচেতন করা। তবে এই কর্মসূচি স্থগিত হওয়ার সময়টিই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে নির্বাচন কমিশনের অন্দরে বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে মতপার্থক্যের কথা প্রকাশ্যে আসে। কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি একাধিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। কমিশন অবশ্য পাল্টা জানিয়েছে, গত এক বছরে নেওয়া সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত।
আরও পড়ুন: রাজ্যের গুণ্ডাদমন বিলে আপত্তি রাষ্ট্রপতির, সংশোধনের নির্দেশ, কটাক্ষ অভিষেকের
এর পরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। ফলে বর্তমান পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এই দু’টি কর্মসূচি স্থগিত হওয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তবে কি এই বিতর্কের ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে জ্ঞানেশ কুমার প্রকাশ্যে না আসার পরিকল্পনা নিয়েছেন? তবে নির্বাচন কমিশনের বক্তব্য, এই স্থগিতাদেশের সঙ্গে সাম্প্রতিক বিতর্কের কোনও সম্পর্ক নেই। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বিশেষ কারণে অনুষ্ঠানগুলির তারিখ পরিবর্তন করা হচ্ছে। এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এর আগেও হিমাচল প্রদেশ, লাদাখ ও উত্তরাখণ্ডেও এই ধরনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।
