বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

শুরু হয়েছে গঙ্গা ভাঙন, আতঙ্কে শান্তিপুর

27 September, 2026 3:25 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: শান্তিপুর থানা এলাকার একাধিক জায়গা ভাগীরথী তীরবর্তী এলাকা। প্রতিবছরই গঙ্গা ভাঙন এবং জল বৃদ্ধির কারণে প্লাবিত হয় এইসব এলাকার চাষের জমি। ফলে ফসল নষ্ট হয়। শুধু তাই নয় একাধিক গ্রামে গঙ্গার জল ঢুকে বাড়িঘর জলের তলায় ডুবে যায়। তখন প্রাণ বাঁচাতে সবকিছু ছেড়ে উঁচু জায়গায় ঠাঁই নিতে হয় বাসিন্দাদের। কিছুদিন আগেই শ্রীরামপুর এলাকায় প্রায় ১০ থেকে ১২ টি বাড়ি রাতের অন্ধকারে গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। ভয়ের বিষয় হল শনিবার রাত থেকে এবছরও গঙ্গার জল বাড়তে শুরু করেছে। বেড়েছে গঙ্গা ভাঙনের তীব্রতাও। হালদারপাড়া, চৌধুরীপাড়ায় যাতায়াতের রাস্তা এখনই জলের তলায় চলে গেছে। সেখানকার বাসিন্দাদের অনেকটা রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। শুধু তাই নয়, এত পরিমাণে বাড়ছে যে, সেই জল চাষের জমিতে ঢোকাও শুরু হয়েছে। হাজার হাজার পরিবার চিন্তায় রয়েছে। আশঙ্কা, এবার হয়তো সেই জল গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিকবার এ বিষয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলকেই জানানো হয়েছে। কিন্তু তারা আসেন, আবার ঘুরে চলে যান। ভোট চাওয়ার সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেন। কিন্তু কোনও কাজ হয় না। বেশ কিছুবছর আগে গঙ্গা অনেকটা দূরে ছিল কিন্তু প্রতিবছর ভাঙনের ফলে গ্রামের কাছে চলে এসেছে। সেই কারণে বিপুল পরিমাণ চাষের জমি গঙ্গায় তলিয়ে গেছে। এখন তাই বাড়িঘর নিয়ে চিন্তিত বাসিন্দারা।

অন্যদিকে ,ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিশ্বেশ্বর মাহাতো বলেন, শনিবার রাত থেকে ভয়াবহ ভাবে জল বাড়তে শুরু করেছে। ভাঙন তো রয়েছেই, সেই জল ইতিমধ্যেই জমিতে ঢোকাও শুরু হয়েছে। এভাবেই জল বাড়তে থাকলে গ্রামে ঢুকতে আর বেশি দেরি নেই। চরম আতঙ্কের মধ্যে রয়েছে সবাই।  কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না।

প্রতিবেদন

Lopa Bhowmik