বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বন্যা পরিস্থিতিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ভূতনির ৭৩৬ পরীক্ষার্থীর জন্য থাকবে বিশেষ ব্যবস্থা

21 September, 2026 3:48 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মানিকচক: সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে মানিকচক কলেজের পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বন্যাকবলিত ভূতনি এলাকার তিনটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুর্গত এলাকার পরীক্ষার্থীদের যাতে পরীক্ষায় কোনও অসুবিধা না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ভূতনির বানভাসি এলাকার উত্তর চন্ডীপুর বিপি হাই স্কুল, আমতলা নন্দীটোলা হাই স্কুল এবং ভূতনি চন্ডীপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবার মানিকচক কলেজ কেন্দ্রে পরীক্ষা হবে।

জানা গিয়েছে, এই তিনটি বিদ্যালয় মিলিয়ে ভূতনি এলাকার প্রায় ৭৩৬ জন পরীক্ষার্থী সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। ভূতনি বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনো নিয়ে শুরু থেকেই উদ্বেগ ছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের ভূতনি থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করা হয়। পরীক্ষার্থীদের থাকার জন্য লালবাথানি হাই স্কুল এবং মানিকচক মডেল স্কুলে ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁদের থাকা ও খাওয়াদাওয়ার ব্যবস্থাও করেছে প্রশাসন। পরীক্ষার দিন পরীক্ষার হলে পৌঁছানোর জন্য বিনামূল্যে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট স্থান থেকে পরীক্ষার্থীদের মানিকচক কলেজ কেন্দ্রে নিয়ে আসা এবং পরীক্ষা শেষে ফের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে মানিকচক কলেজ কেন্দ্রে ভূতনির তিনটি বিদ্যালয়ের পাশাপাশি মথুরাপুর বি এস এস হাইস্কুলের ছাত্রছাত্রীরাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। সব মিলিয়ে এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০৪১ জন। বন্যার মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভূতনির পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। পরীক্ষার্থীদের নিরাপদে রাখা, খাবারের ব্যবস্থা করা এবং বিনামূল্যে পরিবহণের উদ্যোগ নেওয়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বেগ অনেকটাই কমেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিকচক কলেজ কেন্দ্রেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যেও যাতে ভূতনির পড়ুয়াদের শিক্ষাজীবনে কোনও ছেদ না পড়ে, সেই লক্ষ্যেই প্রশাসনের এই উদ্যোগ।

প্রতিবেদন

UTSAB RC