মহারাষ্ট্রে সমুদ্রস্নানে গিয়ে ঢেউয়ের ঝাপটায় মৃত্যু কোচিং সেন্টারের ৮ ছাত্রের
সংবাদদাতা, মুম্বই: পিকনিকের আনন্দ মুহূর্তেই বদলে গেল মর্মান্তিক ঘটনায়। মহারাষ্ট্রের রায়গড় জেলার দিঘাগর সৈকতে কোচিং সেন্টারের সঙ্গে পিকনিকে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল আট কিশোরের। প্রত্যেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনের আলন্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘Winners Academy’-র ৪৮ জনের একটি দল পিকনিকে গিয়েছিল। দলে ছিল ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক। বৃহস্পতিবার দিঘাগর সৈকতে পৌঁছনোর পর আট ছাত্র সমুদ্রে নামেন। কিছুক্ষণের মধ্যেই শক্তিশালী স্রোতে তাঁরা ভেসে যান।
খবর পেয়েই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি শুরু করেন। প্রথমে সাতজনের দেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ থাকা অষ্টম ছাত্রের দেহও উদ্ধার হয়। তাঁদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তাঁরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডালকর এবং কৌস্তুভ সন্দীপ দৌন্দ।
একসঙ্গে আট কিশোরের মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সমুদ্রসৈকতে নিরাপত্তা এবং পিকনিকে যাওয়া পড়ুয়াদের তদারকি নিয়ে। ঘটনার পর প্রশাসনের তরফে তদন্তের কথাও জানানো হয়েছে। উদ্ধারকারীদের তৎপরতায় আটটি দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু যে আনন্দযাত্রা শেষে পড়ুয়াদের ঘরে ফেরার কথা ছিল, সেটিই পরিণত হল আটটি পরিবারের জীবনের সবচেয়ে ভয়াবহ দিনে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
