শাহবাজের অনবদ্য ১৬৭ ও অনুকূলের স্পিন ভেলকি, নর্থ ইস্ট জোনকে ইনিংস ও ২১০ রানে উড়িয়ে দিল ইস্ট জোন
নিজস্ব প্রতিবেদন : দলীপ ট্রফির (Duleep Trophy) কোয়ার্টার ফাইনালে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে অনায়াস জয় ছিনিয়ে নিল ইস্ট জোন। শাহবাজ আহমেদের দুর্দান্ত ১৬৭ রানের দায়িত্বশীল ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে ঘূর্ণি বোলার আনুকূল রায়ের জোড়া ৫ উইকেটের দাপটে নর্থ ইস্ট জোনকে (North East Zone) কার্যত পর্যুদস্ত করল পূর্ব ভারত। মঙ্গলবার বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড-২ (BCCI Centre of Excellence Ground 2)-এ নর্থ ইস্ট জোনকে ইনিংস এবং ২১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইস্ট জোন (East Zone)।
ম্যাচের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিল ইস্ট জোন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাহাড়প্রমাণ ৪৬৭ রান তোলে তারা। দলের হয়ে সবচেয়ে আকর্ষণীয় ও দায়িত্বশীল ইনিংসটি খেলেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। তাঁর চোখধাঁধানো ১৬৭ রানের ওপর ভর করেই ইস্ট জোন বিশাল স্কোরের মজবুত ভিত্তি গড়ে তোলে।
বিশাল রানের পাহাড়ের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইস্ট জোনের বোলারদের ধারালো আক্রমণের সামনে একদমই সুবিধা করতে পারেনি নর্থ ইস্ট জোনের ব্যাটাররা। ইস্ট জোনের পেসার অভিজিৎ সরকারের মারাত্মক বোলিংয়ের সামনে মাত্র ১১১ রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নর্থ ইস্টের প্রথম ইনিংস। একা অভিজিৎ সরকারই তুলে নেন ৫টি উইকেট।
প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়ার পর নর্থ ইস্ট জোনকে ফলো-অন করায় ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও নিজেদের ছন্দে ফিরতে পারেনি নর্থ ইস্ট। এ বার বল হাতে ভেলকি দেখান স্পিনার আনুকূল রায়। তাঁর বিষাক্ত স্পিনের সামনে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় নর্থ ইস্ট জোনের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে অভিজিতের পর দ্বিতীয় ইনিংসে আনুকূল রায়ও তুলে নেন মূল্যবান ৫টি উইকেট।
দুই ইনিংস মিলিয়ে ইস্ট জোনের বোলিং আক্রমণের দাপটে স্রেফ খড়কুটোর মতো উড়ে যায় নর্থ ইস্ট জোন। ব্যাটে শাহবাজ আহমেদ এবং বলে অভিজিৎ ও আনুকূলের এই যৌথ পারফর্ম্যান্সের ওপর ভর ভর করেই লাল বলের ক্রিকেটে এক স্মরণীয় ও দাপুটে জয় তুলে নিল ইস্ট জোন।
