এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, লন্ডনে প্রতিবাদের ডাক ইউটিউবারের
সংবাদদাতা, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে শামিল হতে ভারতে এসে বেশ বিপাকে পড়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। এবার সাত বছরের পুরনো এক মামলায় এই মোদি-বিরোধী ইউটিউবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত। তবে ওই পরোয়ানা জামিনযোগ্য। ফলে পুলিশ ধ্রুবকে গ্রেপ্তার করলেও তাঁকে হাজতে থাকতে হবে না, জামিন পেয়ে যাবেন। এর মধ্যেই লন্ডনে পৌঁছে সেখানে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রতিবাদ-বিক্ষোভের ডাক দিয়েছেন ধ্রুব রাঠি।
২০১৮ সালে ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিজেপি সমর্থক বিকাশ পাণ্ডে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও মামলা করেছিলেন তিনি। ওই মামলায় কেজরিওয়াল ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু ধ্রুব দীর্ঘদিন জার্মানিতে থাকায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি আদালত। তিনি ভারতে ফিরতেই সাকেত আদালত তাঁকে সমন পাঠায়। এবার জারি হল গ্রেপ্তারি পরোয়ানা।
বিকাশ পাণ্ডে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামের একটি সমাজমাধ্যম পেজের প্রতিষ্ঠাতা। তাঁর অভিযোগ, ২০১৮ সালের মে মাসে ধ্রুব ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি তাঁকে বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করেন। অভিযোগ, ভিডিওতে তাঁকে নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্যও করেছিলেন ধ্রুব। সেই মামলাতেই এবার গ্রেপ্তারির মুখে রাঠি।
প্রসঙ্গত, দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুবকে। প্রায় ২০-২২ ঘণ্টা পর সেদিন রাতেই তাঁকে মুক্তি দেয় পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয়নি, ফলে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করারও প্রয়োজন পড়েনি। তবে দিল্লির এক পুলিশকর্তা জানিয়েছেন, আগামী দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ফের যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, কিংবা তাঁর বিরুদ্ধে অন্য কোনও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এরই মধ্যে ইউটিউবার ধ্রুব রাঠি লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে আগামী রবিবার প্রতিবাদ-সমাবেশের ডাক দিয়েছেন। তিনি ভারতীয়দের এই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, এটি “ভোট চুরি” ও “গণতন্ত্রের খুন”-এর বিরুদ্ধে প্রতিবাদ। শনিবার এক্স -এ ছবি পোস্ট করে রাঠি বলেন, “আমি এইমাত্র লন্ডনে পৌঁছেছি। সময় এসেছে, গোটা বিশ্ব দেখুক ভোটচোর আর গণতন্ত্রের খুনিদের আসল চেহারা।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক স্তরে জানানোর সময় এসে গেছে।” রবিবার দুপুর ১২টায় ওই প্রতিবাদে যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের এসআইআর-এর বিরুদ্ধে ভারতে যে বিক্ষোভ চলছে, তা সামলানোর পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মধ্যেই লন্ডনে এই প্রতিবাদের ডাক এল। এসআইআর-এর মাধ্যমে দেশজুড়ে ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ গিয়েছে।
