কালিয়াচকে উদ্ধার ২ কোটির ব্রাউন সুগার
সংবাদদাতা, মালদহ: পশ্চিমবঙ্গের মাদক চোরাচালানের অন্যতম সংবেদনশীল করিডোর হিসেবে পরিচিত কালিয়াচকে ফের বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক প্রবীণ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন মালদার জেলা পুলিশ সুপার অনুপম সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত রবিবার গভীর রাতে কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রায়পুর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। প্রথমেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাহিনী ওই এলাকার একটি নির্দিষ্ট জায়গায় হানা দেয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৬ কেজি নিষিদ্ধ ব্রাউন সুগার। এই অভিযানে হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি অবৈধ মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। রবিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে সোমবার তাকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মালদা জেলা আদালতে পেশ করা হয়। আদালতের কাছে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে ধৃতকে পুলিশি হেপাজতের নির্দেশ দেন।মঙ্গলবার জেলা পুলিশ সুপার অনুপম সিং সংবাদমাধ্যমকে জানান, ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং এর নেপথ্যে কোন বড় চক্র কাজ করছে, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু হয়েছে। কালিয়াচক এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই মাদক কারবার প্রতিরোধের জন্য বিশেষ নজরদারি চালিয়ে আসছে জেলা পুলিশ। সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করে যে, পুলিশি কড়াকড়ির পরেও অপরাধীরা সক্রিয় রয়েছে। তবে পুলিশ সুপারের স্পষ্ট বার্তা, মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না।
