বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

জোড়া কেন্দ্রে উপনির্বাচন, নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী হাসিরানি, রেজিনগরেও জয় শাখারভের

09 October, 2026 3:43 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুই উপনির্বাচনেই নিরঙ্কুশ জয় বিজেপির। নন্দীগ্রামে ১ লক্ষ ২২ হাজার ৭৫৩ বেশি ব্যবধানে জয় নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের। রেজিনগরে শাখারভ সরকার জিতলেন ৭৫ হাজার ৭৪৮ ভোটের ব্যবধানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই জানালেন, দুই কেন্দ্রেই রাষ্ট্রবাদী শক্তিই জিতেছে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, এই দুই নির্বাচনের ফলাফলেই প্রমাণিত, রাজ্য সরকারের উপর আস্থা আছে সাধারণ মানুষের।

 

 

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে এবছর ৯ হাজার ৬৬৫ ভোটের ব্যবধানে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এই কেন্দ্রকে বেছে নেন। নন্দীগ্রামে উপনির্বাচন ঘোষণা হয়। বিজেপি ক্ষমতায় আসার পরেই মধ্যমগ্রামের রাস্তায় নিহত হন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের। তাঁর মা হাসিরানি রথকে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এদিকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয় সঞ্চিতা প্রধানকে। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। এরপরই কংগ্রেসের মিলন প্রধানকে সমর্থন করে কালীঘাট তৃণমূল কংগ্রেস।

 

মিলন প্রধানকে ১৮ বছরের পুরনো একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। হাই কোর্টে অন্তর্বর্তী জামিন নিয়ে নির্বাচনে কাজ করেন মিলন প্রধান। ভোটের দিন মিলন প্রধানের অভিযোগ ছিল,  “সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে নন্দীগ্রামে। ভোটদানে যারা অংশগ্রহণ করেছেন, যারা করতে পারেনি বা করতে দেওয়া হয়নি, সেটা যা হওয়ার হয়েছে। যারা বলছেন ভয়ের পরিবেশ নেই বা কোনও অসুবিধা নেই গণনার, সেতো আমরা দেখতে পাচ্ছি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে কীভাবে বাধাপ্রাপ্ত হয়েছে।” বিজেপি প্রার্থী হাসিরানি রথ প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানান, জয় নয় ব্যবধানই আসল। তাঁদের এক লক্ষ ২০-২৫ হাজার ভোট জেতার টার্গেট ছিল তাঁদের। গণনার দিন লক্ষাধিক ব্যবধানে জিতে সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

 

এদিকে উপনির্বাচনের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রেজিনগর। সকাল থেকেই পুলিশদের শাসানি দিতে দেখা যায় নওদার বিধায়ক হুমায়ূন কবীরকে। রেজিনগরে তাঁর পার্টি অফিস থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। ১২ ঘণ্টা পর মুক্তি পান হুমায়ূন। বিজেপির শাখারভ সরকারের বিরুদ্ধে রেজিনগরে প্রার্থী ছিলেন হুমায়ূনের ছেলে। কিন্তু ভোটের দিনই হুমায়ূন জানান, এমন ভোট তিনি কখনও দেখেননি। পরে তিনি আক্ষেপ করে জানান, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকলে তিনি বিধানসভাতেও যাবেন না। গণনার দিন সকাল থেকেই লিড নিতে শুরু করে বিজেপি। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস থাকলেও, আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবি আজাদ দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু  বেলা গড়াতেই ফলাফল একতরফা বিজেপির পক্ষেই চলে যায়। সংখ্যালঘু কেন্দ্রেও বিপুল ব্যবধানে জয়ী হন শাখারভ সরকার।

প্রতিবেদন

UTSAB RC