বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

স্থায়িত্ব ও ন্যূনতম বেতনের দাবিতে বিকাশ ভবন অভিযানে অস্থায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষকরা

09 October, 2026 3:37 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, সল্টলেক: ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির স্থায়িত্ব এবং সম্মানজনক বেতন কাঠামোর দাবিতে সরব হলেন উচ্চ মাধ্যমিকের অস্থায়ী পার্ট-টাইম শিক্ষকরা। শুক্রবার সকালে সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডে একযোগে জমায়েত হন রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে কর্মরত এই শিক্ষকরা। অস্থায়ী এই শিক্ষকদের প্রধান অভিযোগ, বছরের পর বছর ধরে স্কুলে পরিষেবা দেওয়ার পরও তাঁদের চাকরির কোনও ভবিষ্যৎ বা স্থায়িত্ব নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাঁদের প্রাপ্ত সর্বোচ্চ বেতন মাত্র ৩,০০০ টাকা। আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য টাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষকরা। তাঁদের দাবি, অবিলম্বে এই বেতন বাড়িয়ে ন্যূনতম জীবনধারণের উপযোগী একটি সঠিক ও সম্মানজনক বেতন কাঠামো চালু করা হোক।

করুণাময়ীতে জমায়েত হওয়া শিক্ষকদের বক্তব্য, আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনা সামলাচ্ছি। অথচ আমাদের কাজের কোনও নিরাপত্তা নেই, বেতনও অত্যন্ত করুণ। বর্তমান ভাতা দিয়ে পরিবার চালানো দায় হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই আজ আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছি।

শিক্ষকরা জানান, তাঁরা কোনও সংঘাত চান না। অত্যন্ত বিনীতভাবে শিক্ষামন্ত্রীর কাছে নিজেদের করুণ আর্থিক অবস্থা ও অনিশ্চিত ভবিষ্যতের কথা তুলে ধরতে চান। ৬০ বছর বয়স পর্যন্ত কাজের লিখিত নিশ্চয়তা দেওয়া এবং জীবনধারণের উপযোগী ন্যূনতম বেতন ভাতা নির্ধারণের আর্জি জানিয়ে তাঁরা শিক্ষামন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন। এদিনের জমায়েতকে কেন্দ্র করে বিকাশ ভবন ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। শিক্ষাসচিব বা শিক্ষামন্ত্রী তাঁদের দাবি মেনে আলোচনায় বসেন কি না, এখন সেদিকেই তাকিয়ে আন্দোলনকারী অস্থায়ী শিক্ষকরা।

 

প্রতিবেদন

Sandipan Saha