ভরসন্ধ্যায় বোলপুরে বিজেপি নেতাকে গুলি করে খুন, ছড়াল আতঙ্ক
সংবাদদাতা, বীরভূম: বোলপুরের শান্ত এলাকায় রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে বিজেপির এক বুথ সভাপতিকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোলপুরের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায়। মৃতের নাম চন্দন ভল্লা। তাঁর বাবার নাম তমাল ভল্লা। জানা গিয়েছে, চন্দন বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ১২ নম্বর ওয়ার্ডের মিলপট্টি এলাকার একটি নির্জন রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। প্রকাশ্যে এইভাবে গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থল চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। স্থানীয়দের দাবি, ঘটনার পর মুখে কাপড় ঢাকা দুই অজ্ঞাতপরিচয় যুবককে একটি বাইকে চেপে দ্রুতগতিতে পালিয়ে যেতে দেখা যায়। তাঁদের গতিবিধি ও সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।
