মত্ত অবস্থায় বাইক চালিয়ে মৃত ১, আশঙ্কাজনক ১
সংবাদদাতা, কলকাতা: ষষ্ঠীর রাতের আনন্দ বদলে গেল আর্তনাদে। নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের। আনন্দপুরের চৌবাগা রোড এবং আনন্দপুর রোডের সংযোগস্থলে শনিবার ভোর ৪টে নাগাদ মোড় ঘোরার সময় একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। ঘটনাস্থলেই মারা যান বছর তিরিশের প্রত্যুষ পানাই। তার সঙ্গে থাকা অন্য এক যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, বাইকে থাকা দুজনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। সেইসঙ্গে মত্ত অবস্থায় ছিলেন তাঁরা।
জানা গেছে, আহত প্রসূন কুমার ঝাড়খণ্ডের বাসিন্দা। কলকাতায় মেঘনাথ সাহা ইনস্টিটিউটে পড়াশুনো করেন। বাইকটি চৌবাগা রোড থেকে আনন্দপুর রোডের দিকে যাচ্ছিল। কালো রঙের চারচাকা গাড়িটির সঙ্গে ধাক্কা লাগার পর রাস্তায় ছিটকে পড়েন প্রত্যুষ। জখম হন প্রসূন। চারচাকাটি তাদের রাস্তায় ফেলে রেখেই চম্পট দেয়। পুলিশ এসে দুজনকেই নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা প্রত্যুষকে মৃত ঘোষণা করেন। চারচাকা গাড়ি এবং বাইক দুটিকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
