ফের বিহার! এবার মহিলা পর্যটককে হেনস্থার অভিযোগ
পাটনা: জমুই, সমস্তিপুরের ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই ফের নারী নিগ্রহের ঘটনা বিহারে। এবার বাঁকা জেলায় এক মহিলা পর্যটককে চরম হেনস্থার অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। মহিলার দাবি, তাঁকে জুতোপেটাও করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে বৌসিঁ থানার পুলিশ। জানা গেছে, বাঁকা জেলার অন্যতম জনপ্রিয় জায়গা মন্দার পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন ওই মহিলা। তখনই মহিলাকে ৬ জন যুবক ঘিরে ধরে তাঁর নাম, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন ইত্যাদি জানতে চায় বলে অভিযোগ। সঙ্গে করা হয় গালিগালাজ। মহিলাটি রুখে দাঁড়ালে পা থেকে জুতো খুলে যুবকরা তাকে মারতে থাকে বলে অভিযোগ। মহিলা জানিয়েছেন, ঘটনার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্তরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বলা হয় তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে যেতে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা এবং তার বন্ধুর কাছ থেকে বেশ কিছু টাকাও আদায় করে অভিযুক্তরা। ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা গেছে বলে দাবি পুলিশের।
১৯ সেপ্টেম্বর জমুইয়ে দুই ছাত্রছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ২ জন নাবালক। তারপরই সমস্তিপুরে এক কিশোরীকে শ্লীলতাহানি এবং হেনস্থার অভিযোগ ওঠে। পরপর এরকম ঘটনায় রাজ্যের আইনব্যবস্থা এবং নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।
