আসতে চলেছে আরিয়ানের ‘ব্যাড্স অফ বলিউড ২’?
লোপামুদ্রা ভৌমিক
সালটা ২০২৫। ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে খাতা খুলেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সিরিজটি দর্শকদের ভালোরকম প্রশংসাও কুড়িয়েছিল। জানা গেছে ইতিমধ্যেই এই সিরিজের দ্বিতীয় ভাগ আনা নিয়ে মনস্থির করে ফেলেছেন আরিয়ান। সিরিজের অন্যতম লেখক বিলাল সিদ্দিকি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘দ্বিতীয় সিজন নিয়ে ইতিমধ্যেই নেটফ্লিক্স এবং শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের মধ্যে কথাবার্তা চলছে। বেশ কিছু বিষয় নিয়ে দুই তরফের আলাপ আলোচনা হবে। তবে আশার কথা প্রথম সিজনে আমরা দারুণ কিছু করতে পেরেছি। ফের কাজ করার সুযোগ পেলে ভালো লাগবে।’ উল্লেখ্য, প্রথম সিজনে আরিয়ানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লেখার দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন বিলাল এবং মানব চৌহান। সাক্ষাৎকারে শাহরুখ–পুত্রকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিলাল। বলেছেন, ‘আরিয়ান খুবই বুদ্ধিমান। চারপাশের ঘটনা সম্পর্কে ভীষণভাবে সচেতন। ওর রসবোধও চমৎকার। আমার সঙ্গে ওর রসবোধের জায়গাটা মিলে যায়। গল্পটা কী ভাবে বলা হবে, সেই জায়গাতেও আমাদের দুজনের মত মিলে গিয়েছিল। কোনও বিষয় নিয়েই কখনও মতবিরোধ হয়নি। প্রত্যেকে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছে সবসময়।’
‘দ্য ব্যাড্স অফ বলিউড’ তুলে ধরেছিল বি টাউনের অন্দরমহলের খবরাখবর। হিন্দি ছবির চাকচিক্য, অভিনেতা–অভিনেত্রী বা ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তির মানসিক টানাপোড়েন, বলিউডি সিনেমা জগতের মধ্যে থাকা অজস্র গোপন তথ্য উঠে এসেছিল সিরিজের গল্পে। তবে আরিয়ান সে সবই দর্শকদের সামনে তুলে ধরেছিলেন নির্ভেজাল হাস্যরসের মাধ্যমে। সিরিজটিতে অতিথি শিল্পী হিসেবে একঝাঁক তারকার উপস্থিতি ছিল নজরকাড়া। যার মধ্যে ছিলেন শাহরুখ খান, আমির খান, করণ জোহর, ইমরান হাশমি, সারা আলি খান, সলমন খান, রণবীর কাপুর, রাজকুমার রাও, অর্জুন কাপুর, দিশা পাটানি, এস. এস. রাজামৌলি প্রমুখ। মূল ভূমিকায় ছিলেন লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, মোনা সিং, গৌতমী কাপুর প্রমুখ। গত বছর ১৮ সেপ্টেম্বর সাতটি পর্ব নিয়ে মুক্তি পেয়েছিল সিরিজটি। এখন অপেক্ষা সিজন ২–এর।
