নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার ১
সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত তরুণ রামকে গ্রেপ্তার করেছে। ধৃত যুবক দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাবা ও মা দুজনেই দিন মজুরের কাজ করেন। কাজের জন্য তাঁদের দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে হয়। দিনের বেলা বাড়িতে একা থাকত ওই নাবালিকা। এই পরিস্থিতির সুযোগ নিয়ে এলাকায় যাতায়াত শুরু করে অভিযুক্ত। সেই সময়েই বিভিন্নভাবে ভয় দেখিয়ে সে নাবালিকার ওপর একাধিকবার যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। সোমবার দুপুরে হঠাৎই বাড়ি ফিরে আসেন নাবালিকার মা। তখনই অভিযুক্ত যুবককে ঘরের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি। ক্ষোভে ফেটে পড়ে তিনি অভিযুক্তকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেন। এরপরেই দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়িতে গিয়ে যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় রামকে। অন্যদিকে, নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত চলছে। এই ধরনের জঘন্য অপরাধের পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা বা ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
