বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

হাওড়া স্টেশনে বিপুল নগদ সহ ধরা পড়ল রেল যাত্রী, বাজেয়াপ্ত ৪৪ লক্ষ টাকা

02 October, 2026 2:43 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, হাওড়া: উৎসবের মরশুমের মুখে হাওড়া রেল স্টেশনে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ বেনামী নগদ টাকা। শুক্রবার হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৪৪ লক্ষ টাকা নগদ সহ এক রেল যাত্রীকে আটক করল রেল সুরক্ষা বাহিনী। আটক হওয়া ওই ব্যক্তির নাম রোহিত কুমার সিং। উদ্ধার হওয়া সমস্ত টাকা ও অভিযুক্তকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ ও তদন্তের জন্য আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের বিদিশা থেকে আসা শিপ্রা এক্সপ্রেসে হাওড়া স্টেশনে নামেন রোহিত। ১৭ নম্বর প্ল্যাটফর্মে নামার পর তাঁর হাঁটাচলা ও গতিবিধি দেখে সন্দেহ হয় প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ জওয়ানদের। এরপরই তাঁর কাছে থাকা ব্যাকপ্যাক এবং ট্রলি ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে ৫০০ টাকার নোটের একাধিক ব্যান্ডিল। প্রাথমিকভাবে জওয়ানরা তাঁকে টাকার বৈধ নথিপত্র বা উৎসের প্রমাণ দেখাতে বলেন। কিন্তু তিনি সন্তোষজনক জবাব বা উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। টাকা গণনার পর জানা যায়, ব্যাগে মোট ৪৪ লক্ষ নগদ টাকা ছিল। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় স্থানীয় আয়কর দপ্তরের পদস্থ আধিকারিকদের।

আধিকারিকরা স্টেশনে পৌঁছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ ও আয়কর দপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদের মুখে আটক রোহিত দাবি করেন, এই টাকা দিয়ে কলকাতায় সোনা কেনার পরিকল্পনা ছিল তাঁর। তবে এত বড় অঙ্কের টাকা ক্যাশে বহন করার পিছনে কোনও বৈধ ব্যাঙ্ক চালান, ভাউচার বা ব্যবসায়িক নথিপত্র তিনি দেখাতে পারেননি। আয়কর দপ্তরের অনুমান, এই বিপুল পরিমাণ অর্থের পেছনে বড়সড় বেআইনি সোনার কারবারের যোগ থাকতে পারে। এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর মূল কারবারি কে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আটক ব্যক্তি এই টাকার প্রকৃত মালিক নাকি শুধুই কোনও চক্রের বাহক হিসেবে কাজ করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি কলকাতা ও হাওড়া স্টেশন এলাকা ব্যবহার করে নগদ টাকা পাচারের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা রুখতে স্টেশনের নজরদারি ও চেকিং আরও জোরদার করা হয়েছে বলে আরপিএফ সূত্রে জানানো হয়েছে।

 

প্রতিবেদন

Sandipan Saha