বারুইপুরে খুন বিজেপি কর্মী !
নিজস্ব প্রতিবেদন : পালাবদলের পর ফের রাজ্যে খুন হলেন বিজেপি কর্মী।
বারুইপুরে নৃশংসভাবে খুন করা হয় এক বিজেপি কর্মীকে। স্ত্রীর সামনেই বাপি প্রামাণিক নামে ওই কুপিয়ে খুন করা হয় এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের পরিবারের অভিযোগ এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। আবার স্থানীয় এক বিজেপি কর্মী দাবি করছেন, তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করিয়েছেন স্থানীয় এক বিজেপি নেতা।
তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত ওই বিজেপি নেতা । পরিবার সূত্রে খবর, বাপি বহু বছর ধরেই বিজেপি করেন। আর বিজেপির কর্মী বলেই গত ১১ বছর তৃণমূলের ভয়ে বাড়ি ফিরতে পারতেন না। পালাবদলের পর ফিরে এসেছিলেন পরিবারের কাছে। পরিবারের দাবি, রবিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।
অভিযোগ, কার্যত স্ত্রীর সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বাপিকে। খানিক দূরেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। মৃতের স্ত্রী পুতুল প্রামাণিক জানিয়েছেন, ঘটনার আগে তাঁর স্বামীর কাছে একাধিক ফোন আসে। বাড়ি থেকে কিছুটা বেরিয়ে গেলেই খুন করা হয় তাঁকে। মৃতের মেয়ের দাবি, তাঁরা বারবার বাবাকে রাজনীতিতে জড়াতে মানা করতেন।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে। এবার এই খুনের পিছনে কারা, তৃণমূলের লোকজন নাকি বিজেপির বিরুদ্ধে গোষ্ঠী কোন্দল , তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের মোটিভ সম্পর্কেও রয়েছে ধন্দ। এটি কি কোনও রাজনৈতিক খুন না কি কোনও ব্যক্তিগত আক্রোশের ফল, তদন্ত চলছে।
