বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

দুরন্ত সেঞ্চুরি অভিষেকের, ভাঙলেন বিরাটের রেকর্ড, খোঁচা দিলেন যুবি

27 October, 2026 5:42 PM UTSAB RC
শেয়ার করুন

নয়াদিল্লি, ২৭ অক্টোবর: ওয়েলিংটনে অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরি আর বৈভব সূর্যবংশীর দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত।

যুবরাজের কাছেই তালিম নিয়েছেন অভিষেক। মঙ্গলবার ওয়েলিংটনের হুরি স্টেডিয়ামে নিজের চতুর্থ টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান করলেন তিনি। নিউজিল্যান্ডের ১৯৮/৩-এর জবাবে ভারত লক্ষ্যে পৌঁছে গেল মাত্র ১৩.২ ওভারে। ১৪ বলে পঞ্চাশ ছুঁয়ে অভিষেক শেষ পর্যন্ত থামলেন ৩৮ বলে ১১৩ রানে। অভিষেককে অভিনন্দন জানাতে গিয়ে নিজের ব্যাটিং নিয়েই মজা করেছেন যুবরাজ। এক্স-এ তিনি লিখেছেন, “এখনও ১২ বলে পঞ্চাশ করতে পারলি না, তাই না? মনে হচ্ছে দুই বাঁ-হাতি যেন নিজেদের বাড়ির উঠোনে ব্যাট করছে!”

আরেকটি পোস্টে প্রাক্তন তারকা লেখেন, “আর আমি ৩০ বা ৩৪ বলে একশো করতে পারতাম না। দারুণ খেলেছ। আর সিঙ্গলও নিয়ে ফেললে! অন্য প্রান্তে বৈভব সূর্যবংশীও দুর্দান্ত খেলেছে। দুজনের জুটি ধ্বংসাত্মক! সঞ্জু স্যামসনকে স্যালুট, তিন নম্বরে নেমেও পুরোদস্তুর দলের হয়ে খেলল। বোলাররাও ভালো বল করে স্কোর ২০০-র নীচে রেখেছে। সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।”

এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের শতরান দাঁড়াল ১১টি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরানের মালিক এখন তিনি, ছাড়িয়ে গেলেন বিরাট কোহলির ১০টি শতরানকে। সব দেশের মিলিয়ে তালিকায় তিনি তৃতীয়। তাঁর আগে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২২) ও পাকিস্তানের বাবর আজম (১৩)। ২৫ বছরের অভিষেকের সঙ্গে ১৯ বলে ৪৫ রান করে দুর্দান্ত সঙ্গত দেন কিশোর বৈভব।

প্রথম ছ’ওভারে ভারত বিনা উইকেটে তুললো ১১৮ রান, যা পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পাওয়ারপ্লের সর্বোচ্চ স্কোর। আগের রেকর্ড ছিল রোমানিয়ার, ২০২১ সালে সার্বিয়ার বিরুদ্ধে ১১৬/০। পাঁচ ওভারেই দলের একশো রান উঠে যায়, যা পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম দ্বিতীয়। এর আগে এ বছরই মোজাম্বিকের বিরুদ্ধে ৪.৫ ওভারে একশো তুলেছিল এসোয়াতিনি। মাত্র ২.২ ওভারে দলের পঞ্চাশ উঠেছে, যা এই ফরম্যাটে যৌথভাবে দ্রুততম। এই কীর্তি এর আগে ছিল পাপুয়া নিউ গিনি (বনাম ভানুয়াতু) ও রোমানিয়ার (বনাম সার্বিয়া) দখলে।

প্রতিবেদন

UTSAB RC