ডামডিম বৌদ্ধ গুম্ফার কাছে দিনরাত দাঁড়িয়ে হাতির দল, আতঙ্ক

সংবাদদাতা, মালবাজার: মালবাজার শহরের অদূরে ডামডিম বৌদ্ধ গুম্ফার কাছে দিনভর দাঁড়িয়ে রয়েছে ৩০ থেকে ৪০টি হাতির একটি বিশাল দল। জাতীয় সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে হাতির দলটি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সন্ধের পর দলটি লোকালয়ের দিকে চলে আসতে পারে। তার ওপর রয়েছে অন্য ভাবনাও। এখন ওই এলাকায় ধান পাকতে শুরু করেছে। হাতির দল গ্রামে ঢুকে পড়লে শস্যের ব্যাপক ক্ষতি হতে পারে। এই বিষয়টি পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
পরিস্থিতির ওপর নজর রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেন মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা। তাঁর সঙ্গে ছিলেন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াড এবং তারঘেরা রেঞ্জের বনকর্মীরা। হাতির দলের গতিবিধি খতিয়ে দেখার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপের ওপরও নজর রাখা হচ্ছে।
এদিকে, হাতির দলটির সম্ভাব্য গতিবিধির কথা মাথায় রেখে লাগোয়া এলাকার বাসিন্দাদের সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সন্ধের পর বাড়ির বাইরে অপ্রয়োজনে না বের হওয়া এবং হাতির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বন দপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে।
