শিলিগুড়ির নিরঞ্জন নগরে অগ্নিকাণ্ড! পুড়ে ছাই দামি গাড়ি

সংবাদদাতা,শিলিগুড়ি: শনিবার গভীর রাতে আশিঘর মোড় সংলগ্ন নিরঞ্জন নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুড়ে ছাই হয়ে গেল একটি চারচাকার গাড়ি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি গাড়ি। আগুনের তাপে ক্ষয়ক্ষতি হয়েছে একটি বহুতলের বাইরের অংশও। তবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বাড়ির বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি গাড়িতে আগুন লাগে। গাড়ি থেকে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায় বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় দমকল ও আশিঘর ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
বাড়ির মালিকের দাবি, পুড়ে যাওয়া গাড়িটি তাঁদের ভাড়াটের। মাত্র মাস ছয়েক আগে কেনা হয়েছিল। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দ্বিতীয় গাড়িটি তাঁদের নিজের। কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি, রাতের অন্ধকারে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করেছেন বাড়ির মালিক। যদিও এই অভিযোগের কোনও প্রমাণ এখনও সামনে আসেনি।এদিকে, দমকলের ঘটনাস্থলে পৌঁছতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে বলেও অভিযোগ।কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
