রবিবার হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত, বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস

সংবাদদাতা, কলকাতা: রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে ছুটির দিনে চরম দুর্ভোগের মুখে সাধারণ যাত্রীরা। রবিবার হাওড়া ডিভিশনের মোট ২০টি সেকশনে ব্লক নেওয়ার ফলে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এর জেরে বহু লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, লিলুয়া-বেলুড়, কোন্নগর-রিষড়া, শ্রীরামপুর-ভদ্রেশ্বর, তারকেশ্বর-মায়াপুর, মগরা, বৈঁচি-মেমারি এবং বর্ধমান-তালিত সহ বিভিন্ন অংশে সকাল থেকে দুপুর ও বিকেলের মধ্যে তিন ঘণ্টার ব্লক রাখা হয়েছে। এই কাজের জেরে হাওড়া থেকে ২২টি, বর্ধমান থেকে ১০টি, ব্যান্ডেল থেকে ৭টি এবং কাটোয়া থেকে ৪টি সহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৫৮টির বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
পাশাপাশি, ট্রেনের সময়সূচিতেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে চলছে। বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দুই ঘণ্টা পিছিয়ে দুপুর ৩টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিট পিছিয়ে চলছে। হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস ৪০ মিনিট পিছিয়ে সন্ধ্যা ৬টায় হাওড়া থেকে ছাড়বে। যাত্রীদের অযথা হয়রানি এড়াতে ও বিকল্প যাতায়াতের পরিকল্পনা করতে রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে তবেই স্টেশনে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।
