বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

এবার আর নন্দন বা ইন্ডোরে নয় কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

24 October, 2026 8:21 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার বদলে যাচ্ছে উদ্বোধনের স্থান । সূত্রের খবর, এ বছর আর নন্দন বা নেতাজি ইন্ডোরে নয়, উদ্বোধন অনুষ্ঠানের আসর বসতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আগামী ১৬ ডিসেম্বর এ বছরের চলচ্চিত্র উৎসব শুরু হবে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ১৬ ডিসেম্বর, বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের খোলা মাঠে আয়োজন করা হবে ৩২ তম চলচ্চিত্র উৎসবের তারকাখচিত সূচনা অনুষ্ঠান। তবে এবারের উৎসবে মুখ্য অতিথি হিসেবে কে বা কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা গেছে, মুম্বইয়ের একাধিক তারকাকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের কাছ থেকে সম্মতি পাওয়ার পরই সংবাদমাধ্যমকে নাম জানানো হবে।
এবারের চলচ্চিত্র উৎসবের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এ বছর নিউ এম্পায়ার ছাড়া অন্য আর কোনও বেসরকারি প্রেক্ষাগৃহে দেখানো হবে না উৎসবের সিনেমা। সূত্রের খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শুরুতে চলচ্চিত্র উৎসবের ছবি দেখানো সম্ভব নয় বলে জানিয়েছেন বেসরকারি হল মালিকেরা। ফলে এবার শুধুমাত্র সরকারি হল এবং নিউ এম্পায়ারেই চলচ্চিত্র উৎসবে ছবি দেখার সুযোগ পাবেন দর্শকরা। এই কারণে উৎসবে ছবির সংখ্যা যেমন কমতে পারে, ঠিক তেমনই কমার সম্ভাবনা রয়েছে ছবির শোয়েরও।
গত আগস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উৎসবের একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নন্দনে। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘দিল্লিতে ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী, এ বার ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে। জাতীয় ও অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে এবারের উৎসব করা হচ্ছে।’‌
উল্লেখ্য, ১৯৯৫ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত  প্রতি বছর নভেম্বর মাসে নন্দনে অনুষ্ঠিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০১১ সালের পর সেই স্থান পরিবর্তন হয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে সরকার বদলের পর ফের বদলে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের জায়গা।

প্রতিবেদন

Lopa Bhowmik