জলে ডুবে মৃত বারাসাতের একই পরিবারের দুই নাবালক
সংবাদদাতা, বারাসাত: জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের। মৃতদের নাম রুদ্র দাস (১৪) এবং দেবার্ঘ্য দাস (১২)। তারা বারাসাত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শতদল সংলগ্ন রামকৃষ্ণ পল্লি এলাকার বাসিন্দা। জানা গেছে, শনিবার বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল তারা। একসময় খেলতে খেলতে একভাই জলে পড়ে যায়। তাকে বাঁচাতে অন্যভাই জলে ঝাঁপ দেয়। এরপর দু’জনেই পুকুরে তলিয়ে যায় । স্থানীয়দের দাবি, দুটি ছেলেকে তলিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শী কয়েকজন চিৎকার শুরু করেন। তা শুনে ছুটে আসেন এলাকার লোকজন। কিন্তু ততক্ষণে ছেলে দুটি তলিয়ে যায়। বারাসাত থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে। আনা হয় ডুবুরি। এক ঘণ্টা তল্লাশির পরে দুই ভাইকে উদ্ধার করা হয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়। ময়না তদন্তের জন্য দেহ বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে। একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা
