বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগান কাণ্ডে তদন্তে সিট, আটক ঘোষক দিল্লি হাই কোর্টের দ্বারস্থ নেহা বোরা পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠকে ইন্ডি জোট দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

প্রতিমার কাঠামো তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু বিজেপি নেতার

22 October, 2026 6:55 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ভদ্রেশ্বর: প্রতিমার কাঠামো তুলতে গিয়ে  অসুস্থ হয়ে গঙ্গায় তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক বিজেপি নেতার। বুধবার রাতে হুগলির ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে এই ঘটনা ঘটে। মৃতের নাম গৌরী সাহানি। এই আকস্মিক ও দুর্ভাগ্যজনক মৃত্যুতে তাঁর পরিবার এবং স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে প্রতিমা বিসর্জন চলছিল। সেই সময় ঘাট থেকে প্রায় ১০০ মিটার দূরে গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে নেমেছিলেন গৌরী সাহানী। তখন গঙ্গায় ভাটা চলছিল। নদীর পলিতে আটকে পড়ে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে স্থানীয় বাসিন্দারা তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করেন এবং চন্দননগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। স্থানীয় বিজেপি নেতা মদন প্রসাদ সাউ জানান, গৌরী দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। জেলা সহ-সভাপতি গোপাল উপাধ্যায় তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্গাপুজোর পর প্রতিমার কাঠামো সংগ্রহ করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি শোকস্তব্ধ বিজেপি কর্মী-সমর্থকরাও।

প্রতিবেদন

Lopa Bhowmik