নাসিকে দুর্ঘটনায় মৃত মালদহের ৩ শ্রমিক, পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক

সংবাদদাতা, মালদহ: মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ দুর্ঘটনা। মৃত মালদহের হরিশচন্দ্রপুরের ৩ পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন এলাকার তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। গত শনিবার ভোরে কাজ সেরে ম্যাজিক ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন ১৩ জন শ্রমিক। একটি ফ্লাইওভারে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় ম্যাজিক ভ্যান। ফ্লাইওভার থেকে যাত্রী-সহ নীচে পড়ে যায় ভ্যানটি। দুর্ঘটনায় মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুরের আমডল গ্রামের খুরশেদ আলি, গহমাবাদ গ্রামের সজেমান আলি ও মহম্মদ বিসুর। মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে স্থানীয় তৃণমূল বিধায়ক প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা ও পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। বিধায়কের সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ। মহারাষ্ট্র থেকে মৃতদেহগুলি দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানান আইসি।
মৃতদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস দেড়েক আগে মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন ওই শ্রমিকরা। রাস্তা তৈরির বিভিন্ন ধরনের কাজ করতেন তারা। শনিবার ভোরে ফোনে দুর্ঘটনার খবর পায় পরিবার। মৃতদেহ ফেরানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা।
