পুজোর মরশুমে রঙিন ও জমজমাট হাওড়ার ফুলবাজার, পদ্মের দাম আকাশছোঁয়া
সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর আবহে জমজমাট হাওড়ার ফুলবাজার। ভোরের আলো ফুটতেই বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। হাওড়া ও নদীয়া-সহ রাজ্যের বিভিন্ন ফুলচাষের এলাকা থেকে আসছে নানা ধরনের ফুল। তবে বাজারের প্রধান আকর্ষণ গাঁদা। হলুদ ও কমলা গাঁদা ফুলে রীতিমতো রঙিন হয়ে উঠেছে গোটা বাজার। পুজোর দিনগুলিতে মণ্ডপসজ্জা থেকে শুরু করে দেবীর পুজো— সবেতেই ফুলের চাহিদা তুঙ্গে। সেই চাহিদার জোগান দিতে ব্যস্ত ফুলচাষি, পাইকারি বিক্রেতা ও ব্যবসায়ীরা।
পুজোর আগে ক্রেতাদের ভিড়ে হাওড়ার ফুলবাজারের ব্যস্ততা যেন ছাপিয়ে গিয়েছে পরিচিত চৌহদ্দি। বাজারের কেনাবেচা ছড়িয়ে পড়েছে হাওড়া ব্রিজের মাঝামাঝি অংশ পর্যন্ত। ফুলের ঝুড়ি, বস্তা আর দরদামের আওয়াজে উৎসবের অন্য এক ছবি ধরা পড়ছে এখানে। দুর্গাপুজোর উদ্যোক্তারা আসছেন মণ্ডপের সাজসজ্জা ও পুজোর প্রয়োজনীয় ফুল কিনতে। পাশাপাশি কলকাতার বিভিন্ন বাজারের খুচরো ফুল ব্যবসায়ীরাও ভিড় জমাচ্ছেন। পাইকারি বাজার থেকে ফুল কিনে নিয়ে গিয়ে তাঁরা সাজিয়ে তুলবেন শহরের বিভিন্ন প্রান্তের দোকান।
তবে উৎসবের মরশুমে ফুলের চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে চড়েছে দামও। বিশেষ করে পদ্মফুলের দাম ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। সপ্তমীর সকালে একটা পদ্মের দাম ৩০-৩৫ টাকা। ফুলবিক্রেতা নিবারণ সাঁপুই বললেন, মায়ের পায়ে পদ্ম দিতে হয়, তাই পদ্মের দাম বেশি। তাছাড়া নবরাত্রি চলছে। তাই পদ্মের দাম চড়া। আগামী কাল অষ্টমীতে দাম আরও বাড়বে। আর এক বিক্রেতা স্বপন নন্দী বললেন, গাঁদা ফুলের দামও বেশি। এককুড়ি গাঁদার দাম কোয়ালিটি অনুযায়ী ৬০০ থেকে ৭০০ টাকা। হাওড়ার এক পুজো উদ্যোক্তা পার্থসারথী বাগ বললেন, ফুলের যা দাম, কী করব বুঝতে পারছি না। গত বছর অআমাদের ফুলের বাজেট ছিল ১২ হাজার টাকা। এবার মনে হচ্ছে, ১৫ হাজারেও হবে না।
দুর্গাপুজোর আচার-অনুষ্ঠানে পদ্মের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী, দেবী দুর্গার আরাধনায় ১০৮টি পদ্ম নিবেদনের বিধান রয়েছে। সেই কারণে পুজোর সময় পদ্মের চাহিদা বেড়ে যায়। পুজো উদ্যোক্তা থেকে শুরু করে বাড়ির পুজোর আয়োজক—অনেকেই নির্দিষ্ট সংখ্যক পদ্ম সংগ্রহ করতে বাজারে আসছেন।
একদিকে গাঁদার হলুদে উজ্জ্বল ফুলবাজার, অন্যদিকে পদ্মের খোঁজে ক্রেতাদের ব্যস্ততা— সব মিলিয়ে পুজোর মুখে হাওড়ার ফুলবাজারে এখন উৎসবের আমেজ। ফুলের এই বিপুল কেনাবেচা শুধু পুজোর প্রস্তুতির ছবি নয়, বাংলার ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের কাছেও বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। দেবীর আরাধনায় ফুলের সাজ যত বাড়ছে, ততই ব্যস্ত হয়ে উঠছে হাওড়ার এই ঐতিহ্যবাহী বাজার।
