থিম আর ঐতিহ্যের মেলবন্ধনে উজ্জ্বল বারোয়ারি
সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজো মানেই মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, খাওয়াদাওয়া আর আড্ডা। কলকাতার গলি থেকে রাজপথ— অজস্র মণ্ডপের ভিড়ে থাকল সেরা ও নজরকাড়া কিছু পুজোর সুলুকসন্ধান—
সেরা জায়গায হিসেবে জনপ্রিয়তা পেয়েছে সল্টলেক এফডি ব্লকের পুজো। এ বছর এখানকার অন্যতম আকর্ষণ প্রতিমা। মণ্ডপসজ্জাও দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে।
উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মানিকতলা চালতাবাগান লোহাপট্টি। এ বছর তাদের থিম নিশান।
দক্ষিণ কলকাতার অন্য বড় পুজোগুলিকে ফি বছরই টেক্কা দেয় আলিপুর সর্বজনীন। এ বছর তাদের ৮১তম বর্ষ। থিমে রয়েছে রামায়ণের ছোঁয়া। শিরোনাম—অ্যান এপিক ওভেন ইন টাইম। রামচন্দ্রের বনবাস থেকে শুরু করে অকালবোধন এবং রাবণের সঙ্গে যুদ্ধের কাহিনি তুলে ধরা হয়েছে এই মণ্ডপে।
দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন ক্লাবে দেখা যাচ্ছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। সঙ্গে থাকছে নজরকাড়া রাস্তার আলোকসজ্জা এবং মণ্ডপের ভেতরে বিশাল ঝাড়বাতি।
উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বালিগঞ্জ সমাজসেবী সংঘের মণ্ডপে তুলে ধরা হয়েছে অভিনেতার জীবন, কাজ এবং সিনেমায় তাঁর অবদানের নানা দিক।
রাজডাঙা নব উদয় সংঘের থিম ‘শোধন’। শিল্পী দেবাশিস বারুইয়ের পরিকল্পনায় দ্রুত নগরায়ণ এবং প্রাকৃতিক সম্পদের ক্রমাগত ক্ষয়ের ফলে ক্ষতিগ্রস্ত এক ভবিষ্যৎ পৃথিবীর ছবি তুলে ধরা হয়েছে মণ্ডপে। এর মাধ্যমে পরিবেশ দূষণ ও প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার বিপদ সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

চালতাবাগানের প্রতিমা।
চালতাবাগান লোহাপট্টি-র থিম ‘নিশান—দ্য মার্ক’। ছত্তিশগড়ের রামনামি সমাজের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই ভাবনা।
দক্ষিণ কলকাতার যে পুজোগুলি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে যান, নাকতলা উদয়ন সংঘ তার মধ্যে অন্যতম। প্রতি বছর তারা অন্য রকম ভাবনায় দর্শনার্থীদের মন ভরিয়ে তোলে। এ বারও ব্যতিক্রম হয়নি। এখানে তুলে ধরা হয়েছে বাঙালির পরম্পরা।
দমদম পার্ক তরুণ সংঘের পুজো এ বার ৪১তম বছরে পা দিয়েছে। থিম ‘বেনিয়া কথা’। বঙ্গদেশের বাণিজ্যের সুপ্রাচীন ঐতিহ্য তুলে ধরেছেন উদ্যোক্তারা।
কুমোরটুলি পার্ক সর্বজনীনের থিমে উঠে আসছে গঙ্গার যাত্রাপথ। গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত নদীর দীর্ঘ পথ তুলে ধরা হয়েছে মণ্ডপে।
জগৎ মুখার্জি পার্ক তাদের ৯০তম বছরে স্মরণ করছে নৃত্যশিল্পী পণ্ডিত উদয়শঙ্করকে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার জয়পুরের বিখ্যাত হাওয়া মহলের আদলে মণ্ডপ তৈরি করেছে।
সনাতন থেকে বিজ্ঞান—এই থিমে সেজে উঠেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো। নিউ টাউন সর্বজনীন পুজো এবার ৫ম বছরে পা দিয়েছে। শিল্পী রিন্টু দাসের পরিকল্পনায় পদ্মফুলের আদলে তৈরি হয়েছে ‘পদ্মভূষণ’ থিমের মণ্ডপ।
নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব-এর থিম ‘জললিপি’। শিল্পী সনাতন দিন্দার পরিকল্পনায় গঙ্গার ইতিহাস এবং নদীদূষণের বিপদ তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে।
দমদম পার্ক এলাকার অন্যতম জনপ্রিয় পুজো ভারতচক্র। এ বছর তাদের থিম ‘বঙ্গের রথকথা’। প্রাচীন বাংলায় রাজাদের প্রধান ‘বাহন’কে আজ মানুষ ভুলতে বসেছে। সেটিই এবার ভারতচক্রের মণ্ডপসজ্জায় এসেছে নতুন রূপে।
বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবে এ বছর ৭৩তম পুজো। মণ্ডপ ও প্রতিমাসজ্জায় আলাদা করে নজর কেড়েছে এই সর্বজনীন।
নতুন থিমের মণ্ডপ দেখতে চাইলে নিউ টাউন, সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচি সংঘ, শ্রীভূমি কিংবা রাজডাঙার পুজোগুলি তালিকায় রাখা যেতে পারে। অন্যদিকে, সাবেকি পুজো, ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চাইলে বাগবাজার, ম্যাডক্স স্কোয়ার এবং একডালিয়া এভারগ্রিনের মতো পুজো বেছে নেওয়া যেতে পারে।
