মন্ত্রীর সঙ্গে বৈঠক, বেতন ও বোনাসের দাবিতে বন্ধ ঘাটের ফেরি পরিষেবা চালু হল
সংবাদদাতা, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যেই খুলে গেল ফেরিঘাট। ১৪ ঘাট থেকে চালু হল লঞ্চ পরিষেবা। বৃহস্পতিবার, পঞ্চমীতে দুপুর সাড়ে ১২টা থেকে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। ফলে পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটল। এদিন মন্ত্রী উমেশ রায় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর আশ্বাসের পরেই ফেরি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এক-দু’দিনের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে ফেরি পরিষেবা বন্ধ করে কর্মবিরতিতে শামিল হলেন হুগলি জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীরা। গতকাল থেকে হাওড়া ও কলকাতার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। গত দুই মাসের বকেয়া বেতন এখনও পাননি কর্মীরা। পাশাপাশি, উৎসবের মরশুমের প্রাপ্য বোনাসও মেলেনি। বকেয়া মেটানোর দাবিতে বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়েই গতকাল থেকে কাজ বন্ধের ডাক দেন সমবায়ের কর্মচারীরা। এর জেরে হাওড়া ফেরিঘাট, রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট এবং বাবুঘাটের মধ্যে নদীপথ সংযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। রাস্তাঘাটের যানজট এড়াতে ও দ্রুত গন্তব্যে পৌঁছতে বহু মানুষ প্রতিদিন এই জলপথের ওপর নির্ভর করেন। আচমকা এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বিকল্প পথ হিসেবে বাস কিংবা লোকাল ট্রেন ধরতে গিয়ে হাওড়া ব্রিজ এবং সংযোগকারী রাস্তাগুলিতে মারাত্মক ভিড়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। অফিসে পৌঁছতে অনেকেরই নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এবং অচলাবস্থা কাটাতে বৈঠক শেষে মিলেছে সমাধান সূত্র।
